২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডরের ত্রাণ এনে দিল পরাজয়

বাগেরহাটে ইউপি নির্বাচনে ৬৫ জন প্রার্থী পুনর্বার নির্বাচিত হওয়ার জন্য লড়েছিলেন। এদের ৪৭ জনই পরাজিত হয়েছেন। তারা মনে করেন, সিডর ও আইলার ত্রাণই তাদের পরাজয়ের বড় কারণ। জানাচ্ছেন অলীপ ঘটক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 10:30 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

অলীপ ঘটক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক বাগেরহাট, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আব্দুল হাই খান (৫৭) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে পর পর চারবার (১৯৮৩-২০১১) নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু এবার তিনি পরাজিত হয়েছেন। পরাজয়ের কারণ হিসেবে আব্দুল হাই বলেন, "ঘূর্ণিঝড় সিডর ও আইলার এাণই আমার জন্য কাল হলো। ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিপুল পরিমাণ ত্রাণ বিতরণ করেও তাদের মন রক্ষা করতে পারিনি। এই ক্ষতিগ্রস্ত মানুষ যদি ভোট দিতো তাহলে আমি পুনরায় নির্বাচিত হতাম।" এতো ত্রাণ দেওয়ার পরও কেন লোকজন তাকে পুনরায় নির্বাচিত করলো না-এ ব্যাপারে জানতে চাইলে হাই বলেন, "ভোটারদের ধারণা, তাদের পর্যাপ্ত ত্রাণ দেওয়া হয়নি। যে পরিমাণ ত্রাণ সে সময় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য এসেছে তা নিয়ে ইউনিয়ন পরিষদ সদস্যরা অনিয়ম-দুর্নীতি করেছেন।" তবে আব্দুল হাই নিজে ত্রাণ বিতরণে অনিয়ম-দুর্নীতির কথা অস্বীকার করেছেন। এই অবস্থা শুধু আব্দুল হাইয়ের ক্ষেত্রেই নয়। গোটা জেলার ইউনিয়নগুলোর চিত্রই এরকম। এবার এই জেলার ৭৩টি ইউনিয়নের মধ্যে ৬৫ জন প্রার্থী পুনর্বার নির্বাচিত হওয়ার জন্য নির্বাচনী-যুদ্ধে নেমেছিলেন। এদের মধ্যে ৪৭ জনই পরাজিত হয়েছেন। পরাজিতদের বেশিরভাগই মনে করেন, সিডর ও আইলার ত্রাণই তাদের পরাজয়ের একটা বড় কারণ। বারইখালী ইউনিয়নে শফিকুর রহমান লাল পর পর দু'বার (১৯৯৭-২০১১) নির্বাচিত হয়েছিলেন। এবার নির্বাচনে তাকে পরাজয় বরণ করতে হয়েছে। সাবেক এই চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিডরে ক্ষতিগ্রস্ত গৃহহীনদের প্রায় ১২০০ ঘর পাইয়ে দিয়েছি। অতিদরিদ্র মানুষকে ভিজিডি ও ভিজিএফ-এর চাল ছাড়াও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার দেয়া সাহায্য-সহযোগিতা সঠিকভাবে বণ্টণ করেছি। এতো কিছুর পরেও তারা আমাকে ভোট দেয়নি।" তিনি বলেন, "সিডর আইলার ত্রাণই আমার পরাজয়ের অন্যতম কারণ।" একই কথা বহরবুনিয়া ইউনিয়নের দু'বারের চেয়ারম্যান (১৯৯৭-২০১১) অধ্যাপক তালুকদার মোস্তাফিজুর রহমানের। তিনি বলেন, "এ এলাকার মানুষের চাওয়া-পাওয়ার শেষ নেই। তারা আরো বেশি সাহায্য পাওয়ার আশায় নতুন প্রার্থীকে বিজয়ী করেছেন।" ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আজাহার মোড়ল এবার নির্বাচনে হেরেছেন। তিনি তার পরাজয়ের কারণ হিসেবে বলেন, "আমি দীর্ঘদিন ধরে ছিলাম। মানুষ মনে করেছে, নতুন কেউ আসলে তারা আরো বেশি সাহায্য-সহযোগিতা পাবে। এ কারণেই তারা পরিবর্তন চেয়েছে।" বাগেরহাট জেলার ৭৩টি ইউনিয়নে নির্বাচন হয় ২৯, ৩০, ৩১ মার্চ ও ১, ২ এপ্রিল। মাঠ পর্যায়ে ভোটাররা এসব প্রার্থীদের পরাজয়ের পেছনে ২০০৭ সালের সিডর ও ২০০৯ সালের আইলা পরবর্তী উন্নয়ন ও ত্রাণ কার্যক্রমকে প্রধানত দায়ী করেন। সে সময় ক্ষতিগ্রস্থরা অনেক চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে এাণ 'নয়-ছয়' করার অভিযোগ আনেন। ত্রাণ নিয়ে সিডর ও আইলা বিধ্বস্ত এলাকায় নানা অপ্রীতিকর ঘটনাও ঘটে। ভোটারদের ধারণা, সেই সময় থেকেই চেয়ারম্যানদের সাথে ভোটারদের মানসিক দূরত্ব তৈরি হয়। যার জবাব তারা নির্বাচনের মাধ্যমে দিয়েছেন। ফলে এসব ইউনিয়নে এবার নির্বাচিত জন প্রতিনিধিদের দুই-তৃতীয়াংশই নতুন মুখ। জেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, মংলা, মোল্লারহাট ও চিতলমারী উপজেলার ১৯ ইউনিয়নের সকল চেয়ারম্যান এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে মাত্র চার জন পুনর্নির্বাচিত হন। এছাড়া মোরেলগঞ্জ উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে ১৩ জন, শরণখোলার চার ইউনিয়নের মধ্যে তিন জন, রামপালের দশটি ইউনিয়নের মধ্যে নয় জন, সদরের দশ ইউনিয়নের মধ্যে আট জন, ফকিরহাটের আট ইউনিয়নের মধ্যে সাত জন এবং কচুুয়ার সাত ইউনিয়নের মধ্যে ছয় জন চেয়ারম্যান পুনরায় নির্বাচনে অংশ নিয়েছিলেন। কিন্তু তাদের মধ্যে ১৪ জন পুনর্নির্বাচিত হতে পেরেছেন। মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের মিত্রডাঙ্গা গ্রামের রমেশ হালদার (৬০) ও হামছাপুর গ্রামের আক্কাস সরদার (৪০) বলেন, "সিডরের পর আমরা ত্রাণও পাইনি ঘরও পাইনি। মেম্বর-চেয়ারম্যানরা দুর্নীতি করেছেন। টাকার বিনিময়ে ঘর দিয়েছেন। আমরা এবার ভোটে তার জবাব দিয়েছি।" একই উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মোশাররফ হোসেন (৪৫) এবং খাউলিয়া ইউনিয়নের আব্দুল খালেক বলেন, "সিডর আইলার সময় মুখ দেখে রিলিফ দিছে, টাকা নিয়ে ঘর দিছে। আমরা তা ভুলিনি। ত্রাণের মাল তাদের বড়লোক করে দিছে। এবার আমাদের সুযোগ এসেছে।" মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিডর আমারে শেষ করে দিছে ভাই। এলাকার জন্য প্রয়োজন ছিল দুই হাজার ঘর, পেয়েছিলাম মাত্র ২৭৫ টা। সবাইকে দিতে পারিনি। যাদের দিয়েছি তাদের কাছ থেকে মেম্বাররা টাকা নিয়েছে। ভাইরে, তার খেসারত দিলাম আমি।" কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের বাসিন্দা রিয়াজুল ইসলাম (৪২) এবং কচুয়া সদর ইউনিয়নের মাসুম শেখ (৩৫) বলেন, "দশ বছর ধরে তারা মেম্বার-চেয়ারম্যান ছিলেন। সিডর আর আইলায় আমাদের ঘর ভাঙছে, গাছ ভাঙছে। টাকা পাইছে তারা। আমরা এখন নতুন মুখ খুঁজছি।" রামপাল উপজেলার বাঁশতলি ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান মাওলানা রেজাউল করিম বলেন, "সিডর ও আইলা পরবর্তী উন্নয়ন ও ত্রাণ কার্যক্রমের কারণে অনেক চেয়ারম্যান-মেম্বার জনগণের আস্থা হারিয়েছেন। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।" তিনি বলেন, "অনেকে যথাযথভাবে দায়িত্ব পালনের পরেও ভোটারদের সন্তুষ্টি লাভে ব্যর্থ হয়েছেন। আর এ কারণেই তাদের ভরাডুবি হয়েছে।" বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার জানান, জেলার এই ৭৩টি ইউনিয়নে ৩৮১ জন চেয়ারম্যান পদে, ৮৫৪ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে এবং দুই হাজার ৯৮৫ জন সাধারণ সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬২৯ ঘ.