ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের অধিকার রক্ষায় জাতিসংঘ কনভেনশনে অনুসমর্থনের প্রস্তাব অনুমাদন করেছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, জনশক্তি রপ্তানিকারক অন্যান্য দেশের মতো বাংলাদেশও শিগগিরই 'অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের অধিকার সংরক্ষণে ১৯৯০ সালে জাতিসংঘে গৃহিত কনভেনশন'-এ অনুস্বাক্ষর (রেটিফাই) করবে। এতে বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের প্রতারিত হওয়ার আশঙ্কা কমে আসবে।
মন্ত্রী জানান, বাংলাদেশ এ কনভেনশনে স্বাক্ষর করলে এ দেশের কর্মীরা বিদেশে কাজ করতে গিয়ে আইনি প্রতিকার পাওয়ার অধিকার রাখবেন। এছাড়া সেসব দেশে বিভিন্ন সুযোগ-সুবিধাও পাবেন তারা।
এ বিষয়টিকে আইনি কাঠামোর মধ্যে আনতে আসন্ন কলম্বো প্রসেস সম্মেলনে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
মোশাররফ বলেন, "কলম্বো প্রসেস-এর ১১টি দেশের মধ্যে ১০টির মন্ত্রীরা এ সম্মেলনে যোগ দিচ্ছেন। নেপালে ওই পদে কোনো মন্ত্রী না থাকায় দেশটির কোনো প্রতিনিধি এবারের সম্মেলনে অংশ নেবেন না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এলএন/জেকে/১৯১৪ ঘ.
bdnews24