ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী নগরীতে রোববার রাতে একজন বৃদ্ধ ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় কুড়াল দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নওগাঁর বদলগাছীতে মটর সাইকেল ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে একজন নিহত হয়। এসময় গুরুতর আহত হয় আরো একজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে নগরীর বালিয়াপুকুর খাসপাড়া এলাকার একটি বাড়িতে ঘুমন্ত অবস্থায় মাথায় কুড়াল দিয়ে আঘাত করে নুরা আলী (৬৫) নামের ওই বৃদ্ধ ব্যক্তিতে হত্যা করা হয়। তিনি ওই বাড়িতে ভাড়া থাকতেন। তিনি ভিক্ষা করে জীবনধারণ করতেন।
এ ঘটনায় বাড়ির মালিক সুরাজকে (৩০) আটক করেছে পুলিশ।
বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন জানান, প্রতিদিনের মতো নুরা রাতে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১১টার দিকে সুরাজ হঠাৎ কুড়াল দিয়ে নুরার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, "হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এলাকাবাসী জানিয়েছে সুরাজ মানসিক ভারসাম্যহীন। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।"
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলে ওসি শাহাদত জানান।
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর বদলগাছীতে বদলগাছী-আক্কেলপুর সড়কের পুরাতন মিঠাপুর হাট এলাকায় একটি মটর সাইকেলের দুই আরোহীকে পিটিয়ে মটর সাইকেল ও দুটি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায় দুবৃর্ত্তরা। এতে মোটর সাইকেল আরোহীদের একজন গোলাম কিবরিয়া (২৩) ঘটনাস্থলেই মারা যায়।
কিবরিয়া বদলগাছী উপজেলার মিঠাপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবু বক্কর সিদ্দিকের ছেলে। সে ঢাকা শেরাটন হোটেলে কাজ করতো।
মোটর সাইকেলের অপর আরোহী ও কিবরিয়ার চাচাতো ভাই এলাহী মণ্ডল (৪০) গুরুতর আহত হয়। রাত ২টার দিকে তাকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বদলগাছী থানার ওসি আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৈশকোচে ঢাকা থেকে আসা বড় ভাই সোহেল রানাকে বাড়ী নিয়ে আসার জন্য কিবরিয়া ও এলাহী রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলযোগে আক্কেলপুরের পথে রওনা হয়। তারা পুরাতন মিঠাপুর হাটের অদূরে জনৈক নবাবের ইটভাটার কাছে ৮/১০ জন দুবৃত্ত দড়ি বেঁধে রাস্তা আটকে কিয়ে মটরসাইকেলের গতিরোধ করে।
তিনি জানান, দূবৃর্ত্তরা কিবরিয়া ও এলাহীর হাত-পা, মুখ-চোখ বেঁধে দু'জনকে বেধরক মারপিট করে এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই কিবরিয়ার মৃত্যু ঘটে।
এ অবস্থায় দূবৃর্ত্তরা তাদের ১০০ সিসি টিভিএস মটরসাইকেলটি একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে পালিয়ে যায়।
নিহতের ভাই সোহেল রানা জানান, কিবরিয়া ও এলাহীর আসতে দেরি হওয়ায় তিনি আক্কেলপুর টহল পুলিশের সহযোগিতায় বাড়ির পথে রওনা হন তিনি। রাত সাড়ে ১২টার দিকে কিবরিয়ার ওই মটরসাইকেলটি পিকআপ ভ্যান করে নিয়ে যাওয়ার সময় দেখতে পেয়ে পুলিশকে জানান।
সোহেল বলেন, "পুলিশ এ কথায় গুরুত্ব না দিয়ে পাগল বলে আমাকে খাদাইল এলাকায় নামিয়ে দেয়। এ অবস্থায় পায়ে হেঁটে ঘটনাস্থলে আসি আমি। পরে বদলগাছী পুলিশকে খবর দেওয়া হয়।"
রাতেই পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় এলাহীকে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার সকালে পুলিশ কিবরিয়ার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে বদলগাছী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৭২৯ ঘ.
bdnews24