কুড়িগ্রাম, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিস্ফোরক মামলায় জঙ্গি সংগঠন আল্লার দলের প্রধান মতিন মেহেদীসহ চারজনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে কুড়িগ্রামের একটি আদালত।
একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার কুড়িগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলী হায়দার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
সাজাপ্রাপ্ত অপর তিনজন হলেন আনোয়ার হোসেন, মনোয়ার হোসেন ও জোবেদ আলী। মতিনের বাড়ি গাইবান্ধায়, আনোয়ারের বাড়ি রংপুর এবং মনোয়ার ও জোবেদের বাড়ি কুড়িগ্রামে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড় থেকে মতিনসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম সদর থানার এসআই নুরুল ইসলাম বাদি হয়ে দুদিন পর ২১ এপ্রিল মামলাটি দায়ের করেন।
২০০৫ সালের ১৭ অগাস্ট সারা দেশে সিরিজ বোমা হামলায় ঝিনাইদহে দায়ের মামলায় মতিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং গাইবান্ধায় দায়ের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০০ ঘ.
bdnews24