গোপালগঞ্জ, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এসময় পুলিশের এক উপপরিদর্শক আহত হয়েছেন।
দুর্ঘটনার পর জনতা সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলা সদরে তহশীল অফিসের সামনে একটি লোকাল বাস উল্টে পাশের ডোবায় পড়ে যায়। এতে ১ জন নিহত ও ৫০ জন আহত হয়।
নিহত সিদ্দিকুর রহমান (৫৫) উপজেলার ভাঙ্গার হাটের বাসিন্দা। আহতদের মধ্যে ২২ জনকে কোটালিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর পরই স্থানীয় জনতা ও পুলিশ দুর্ঘটনা কবলিত বাস-যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে।
একপর্যায়ে পুলিশ বাঁশি বাজিয়ে উৎসুক জনতাকে সরে যেতে বলে। তখন লোকজন পুলিশকে বাঁশি বাজাতে বারণ করে।
কোটালিপাড়া থানার ওসি আব্দুল কাদের সাংবাদিকদের জানান, এ নিয়ে সকাল পৌনে ১০টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশের উপর স্থানীয় জনতা হামলা চালায়।
হামলায় কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন ভক্ত আহত হয়। তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশের উপর হামলার পর সকাল ১০টার দিকে স্থানীয়রা মাইকিং করে লোক জড়ো করে বলে জানান ওসি।
বেলা ১১টার দিকে সড়ক সংস্কারের দাবিতে উপজেলা সদরে জনতা লাঠি মিছিল বের করে।
পরে জনতা উপজেলা চত্বরে সমাবেশ করে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে অনির্দ্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুজিবুল হক ও কোটালিপাড়া কলেজের ভিপি কাউয়ুম হাসান বক্তব্য রাখেন।
সমাবেশে তারা বলেন, সড়কের দুরাবস্থার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। কিন্তু কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কার করার কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সড়ক ঠিক না হওয়া পর্যন্ত এ সড়কে বাস চলাচল করতে দেয়া হবে না বলে উত্তেজিত জনতা সমাবেশ থেকে ঘোষণা দেয়।
উত্তেজিত জনতার বাধার মুখে জেলা থেকে আসা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা কোটালীপাড়ায় ঢুকতে পারেননি।
বেলা সোয়া ১২টার দিকে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন কোটালিপাড়ায় আসেন। তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনতার সঙ্গে সভা করেন।
সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোটালিপাড়া-পয়সারহাট সড়কে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
দুর্ঘটনা কবলিত বাস চালকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন জেলা প্রাশাসক।
এ ঘটনার পর কোটালীপাড়ায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬২৮ ঘ.
bdnews24