২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাঙ্গলবন্দে চলছে অষ্টমী স্নান

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 09:59 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান চলছে। লাখো পুণ্যার্থীর পদভারে রোববার সকাল থেকেই মুখরিত হয়ে উঠে লাঙ্গলবন্দের আড়াই কিলোমিটার এলাকা। এ স্নানের লগ্ন শুরু হয় রোববার দিবাগত রাত ১টা ১০ মিনিট ১০ সেকেন্ডে। শেষ হবে সোমবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে। লাঙ্গলবন্দের ১৪টি ঘাটে পুণ্যার্থীরা স্নান করছেন । প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমায় লাঙ্গলবন্দে। প্রতিবছরের মতো এবারো ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকা থেকে বিপুল সংখ্যাক পুণ্যার্থী যোগ দিচ্ছেন স্নান উৎসবে। স্নান উৎসবকে কেন্দ্র করে সোমবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাসন্তি মেলা। এদিকে স্নান উৎসবে আসা পূণ্যার্থীদের ভীড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ সাংবাদিকদের জানান, লাঙ্গলবন্দে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও র‌্যাব টহল দিচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, পিতৃভক্তি পরীক্ষা করতে যমদণ্ডী নামের এক মুণি তার চার ছেলেকে মা রেণুকাকে হত্যার আদেশ দেন। তিন ছেলে এই আদেশ প্রত্যাখান করেন। কিন্তু কনিষ্ঠ পুত্র পরশুরাম কুঠার দিয়ে মাকে দ্বিখণ্ডিত করেন। মাকে হত্যার পর পরশুরামের হাতে কুঠার লেগে যায়। হত্যার পাপে আক্রান্ত হন পরশুরাম। কিন্তু যমদণ্ডী পরশুরামের পিতৃভক্তিতে তুষ্ট হন। যমদণ্ডীর আর্শীবাদে মা রেণুকা আবারো জীবিত হন। পিতা পরশুরামকে পাপ-স্খলনের জন্য তীর্থ ভ্রমণের আদেশ দেন। যমদণ্ডী বলে দেন, তীর্থ ভ্রমণরত অবস্থায় যেখানেই পরশুরামের হাতের কুঠার খসে পড়বে সেই স্থানই হবে পৃথিবীর শ্রেষ্ঠ তীর্থ স্থান। পরশুরাম তখন তীর্থ ভ্রমণে বের হন। এবং এই লাঙ্গলবন্দে এসেই তার হাতের কুঠার খসে পড়ে। সেই থেকেই লাঙ্গলবন্দ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৫৫৮ ঘ.