২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

বিদ্যুতের দাবিতে একঘণ্টা সড়ক অবরোধ করেছে জামালপুর সদর উপজেলার দু'টি গ্রামের গ্রাহকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 12:22 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

জামালপুর, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাবিতে একঘণ্টা সড়ক অবরোধ করেছে জামালপুর সদর উপজেলার দু'টি গ্রামের গ্রাহকরা। রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জামালপুর-সরিষাবাড়ি সড়কের কুটামনি এলাকায় তারা সড়কে বিদ্যুতের খুঁটিতে আগুন দিয়ে বিক্ষোভ করে। কেন্দুয়া কালিবাড়ি ইউনিয়নের কুটামনি ও দামেশ্বর গ্রামের লোকজন বিক্ষোভে অংশ নেয়। পরে জামালপুর পিডিবি'র নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। কুটামনি এলাকার কৃষক বাবু মিয়া, সবুজ, লাবলু ও সলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক সপ্তাহ আগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুটামনি এলাকায় একটি একশ' কেভি'র ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এতে এলাকায় বোরো চাষের ১৬টি সেচ পাম্প, ৫টি চালকল, একটি আইসক্রিম কারখানা এবং শতাধিক আবাসিক গ্রাহক বিদ্যুৎ পাচ্ছে না। বিষয়টি পিডিবিকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন কৃষকরা। দামেশ্বর এলাকার কৃষক চাঁন মিয়া জানান, তাদের এলাকায় এক সপ্তাহ ধরে ৪টি সেচ পাম্প ও দুটি রাইস মিলসহ বেশ কিছু আবাসিক সংযোগ বন্ধ রয়েছে। একটি ২৫০ কেভির ট্রান্সফরমার স্থাপন করলে সমস্যা থাকবে না বলে কুটামনি ও দামেশ্বর এলাকার কৃষকরা জানান। এ ব্যাপারে জামালপুর পিডিবি'র নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গতকাল (শনিবার) সন্ধ্যা থেকে কুটামনি ও দামেশ্বর এলাকার ট্রান্সফরমারটি বিকল রয়েছে। সমস্যা সমাধানে ইতোমধ্যে পিডিবি'র লোকজন কাজ শুরু করেছে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২০ ঘ.