ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার শহরতলীতে ধন মিয়া (৬০) নামের এক মুক্তিযোদ্ধাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
নিহতের পরিবার বলছে, একটি মামলায় সাক্ষী হওয়ায় ধন মিয়াকে হত্যা করা হয়েছে। তার বাড়ি রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামে।
নিহতের ছেলে আল-আমীন জানান, গ্রামের একটি পুকুরে মাছ ধরা নিয়ে কয়েকদিন আগে তার চাচাত ভাই আবু সাঈদের সঙ্গে পুকুরের শরিক আবু কালামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবু কলামের ছেলে ওসমান মিয়া সাঈদের মাথায় আঘাত করেন।
এ ঘটনায় আবু সাঈদের বাবা হাসিম মিয়া মামলা করেন। ভাই ধন মিয়াকে এ মামলার আসামি করা হয়।
আল-আমিন বলেন, মামলার সাক্ষ্য দেওয়ার জন্য ধন মিয়া ও হাসিম মিয়া রোববার সকালে বাড়ি থেকে বের হন। সকাল ৯টার দিকে বিজেশ্বর গ্রামে ওৎ পেতে থাকা আবু কালামের লোকজন ধন মিয়াকে (৬০) ছুরি মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সদর থানার ওসি গাজী মো. শাখাওয়াত জানান, পারিবারিক বিরোধের জের ধরে ধন মিয়া খুন হয়েছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। দোষীদের ধরতে অভিযান শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬৫৮ ঘ.
bdnews24