ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিওভুক্তির দাবিতে শিক্ষা ভবনে আবার অনশনে বসেছে স্কুল, কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষক।
রোববার এ কর্মসূচি শুরুর পর শিক্ষকরা বলছেন, দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।
২০১০ সালে এ সরকার ১ হাজার ৬২২টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করলেও এসব প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা, হিসাব বিজ্ঞান, কম্পিউটার শিক্ষার শিক্ষকরা এর অন্তর্ভুক্ত হয়নি।
এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতন সরকারি কোষাগার থেকে দেওয়া হয়, এসব শিক্ষকরা এখন তা পাচ্ছেন না।
একই দাবিতে এর আগে গত ৬ ফেব্র"য়ারি এসব শিক্ষক শিক্ষা ভবনের সামনে অনশন করে।
তখন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমানুর রশীদ ও যুগ্ম সচিব খন্দকার রাকিবুর রহমান বিষয়টি বিবেচনার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করে তারা।
আন্দোলনকারী 'এমপিওবঞ্চিত শিক্ষক ফোরাম'র আহ্বায়ক মনজিল এ মিল্লাত সাংবাদিকদের বলেন, "আমাদের দাবি বাস্তবায়নে ওই সময় দু'মাস সময় নেওয়া হয়েছিলো। কিন্তু এর মধ্যে কোনো অগ্রগতি হয়নি।"
এ বিষয়ে শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্যাটার্নভুক্ত এসব শিক্ষকদের বিষয়ে মন্ত্রণালয় থেকে জানতে চাওয়া হলে তাদের রিপোর্ট দেওয়া হয়েছে।
"এসব শিক্ষকদের নিয়োগের সময় অনেকেরই যোগ্যতা ছিলো না। কিন্তু পরে তাদের যোগ্যতা পূরণ হয়। ফলে তাদের এমপিও নিয়ে জটিলতা হচ্ছে", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৪৫৬ ঘ.
bdnews24