২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় জেলায় খুন ২, লাশ উদ্ধার ৪

বগুড়া ও সিরাজগঞ্জে শুক্রবার দু'জনকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া ও সিরাজগঞ্জে শুক্রবার দু'জনকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। এছাড়া মাদারীপুর, চাঁদপুর, নীলফামারী ও কুড়িগ্রামে শনিবার চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, জেলা শহরের জলেশ্বরীতলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন চটপটি বিক্রেতা আব্দুর রহিম (১৮)। শুক্রবার রাত ১২টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়। আব্দুর রহিম শহরের মালতিনগর এলাকার বাসিন্দা। নিহতের বাবা বাবু প্রামাণিক সাংবাদিকদের বলেন, ইয়াকুবিয়া স্কুলের সামনে চটপটি বিক্রি শেষে বাড়ি ফেরার পথে চার যুবক রহিম ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে। তিনি জানান, রহিম যেখানে চটপটি বিক্রি করতো সেই স্থানটি ছেড়ে দিতে চাপ দিচ্ছিলো কয়েকজন যুবক। এ দিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটিও হয়। এর জেরে রহিম খুন হতে পারে বলে তিনি মনে করেন। সদর থানার ওসি খালেকুজ্জামান জানান, বখাটেদের কম দামে ও বাকিতে চটপটি না দেওয়ায় এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিরাজগঞ্জ: তাড়াশ উপজেলায় চালককে ছুরিকাঘাতে খুন করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেড়খালীতে এ ঘটনায় নিহত হন আনিসুর রহমান হানিফ (৩৫)। হানিফ তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ভাড়ায় মোটরসাইকেলে লোক আনা নেওয়া করতেন বলে পুলিশ জানায়। তাড়াশ থানার ওসি আতাউর রহমান বলেন, বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে রাত ১০টায় আনিসের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মাদারীপুর: রাজৈর উপজেলায় শনিবার সকালে অজ্ঞাত এক তরুণীর (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। হরিদাসদী গ্রামের গোয়ালবাথান এলাকায় একটি ক্ষেতে তার লাশ পাওয়া যায়। রাজৈর থানার ওসি মশিউর রহমান সাংবাদিকদের বলেন, মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান। চাঁদপুর: সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর এলাকায় মেঘনা নদী থেকে শনিবার ভোরে এক অজ্ঞাত পরিচয় তরুণের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ সরকার জানান, রাত ৩টার দিকে নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ময়নাতদন্তের জন্য লাশটি চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নীলফামারী: জলঢাকা উপজেলায় শনিবার সকালে এক অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। মীরগঞ্জ বাজার সংলগ্ন বোরো ক্ষেতে লাশটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। জলঢাকা থানার ওসি শেখ লেনিন আলমগীর সাংবাদিকদের বলেন, যুবকটিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান। কুড়িগ্রাম: রাজারহাট উপজেলার রতিগ্রাম থেকে শনিবার সকালে আব্দুল বাতেন (৪০) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। রাজারহাট থানার এসআই সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, শুক্রবার গভীর রাতে বাতেনকে হত্যা করে রতিগ্রাম উচ্চ বিদ্যালয়ের বারান্দায় রেখে যায় দুর্বৃত্তরা। ডাকাতি বা চুরির ঘটনার জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপারিনটেনডেন্ট মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বলেন এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/এফএফ/সিএস/ডিডি/১৮২০ ঘ.