২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কালা ও ধন মিয়ার সংঘর্ষ, আহত ৬০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৬০ জন আহত হয়েছে। এসময় ৮/১০টি বাড়িতে ভাংচুর চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 10:16 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ব্রা‏হ্মণবাড়িয়া, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৬০ জন আহত হয়েছে। এসময় ৮/১০টি বাড়িতে ভাংচুর চালানো হয়। পুলিশ জানায়, পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার সকালে শাহজাদপুর ইউনিয়নের দেওড়া গ্রামের বাসিন্দা কালা মিয়া ও ধন মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে ১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও ১ জনকে ব্রা‏হ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকাবাসী জানায়, সম্প্রতি একটি মুঠো ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। শুক্রবার সকাল ৭টার দিকে কালা মিয়ার সমর্থকরা ধন মিয়ার সমর্থকদের বাড়িতে হামলা চালায়। তারা ৮/১০টি বাড়িতে ভাংচুর ও লুটপাট করে। এ সময় ধন মিয়ার অন্য সমর্থকরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। থেমে থেমে প্রায় তিন ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। পুলিশ ব্যাপক লাঠিপেটা করে এবং ৫ রাউন্ড কাঁদানে গ্যাস শেল ও ৫ রাউন্ড রাবার বুলেট ছুড়ে সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলাল উদ্দিন এবং ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) সঞ্জয় সরকার বেলা ১১টার দিকে দেওড়া গ্রাম পরিদর্শন করেন। সরাইল থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬১৩ ঘ.