নরসিংদী, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলায় করিমপুর ইউনিয়নের শ্রীনগরে মেঘনা নদীতে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে ছয়জন।
এদের একজন শিশু ও অপরজন মহিলা। শিশুটির নাম মিথিলা (৭)। সে নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে। মহিলার নাম আসমা আক্তার (৪০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে দুটি স্পিডবোটই উল্টে যায়।
আহতদের মধ্যে রয়েছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও দৈনিক নয়া দিগন্তের পরিচালক মো. হেলাল মিয়া (৫০)।
নরসিংদী সদর থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব কুমার দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নরসিংদী লঞ্চঘাট থেকে মিলন মিয়ার স্পিডবোট ভাড়া করে মকবুল হোসেন ও তার পরিবারের সদস্যদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি লঞ্চঘাট যাচ্ছিলেন। অন্যদিকে মরিচাকান্দি থেকে আরেকটি স্পিডবোট নিয়ে মো. হেলাল মিয়া ও তার আত্মীয়রা নরসিংদী লঞ্চঘাটে আসছিলেন।
এসআই বিপ্লব কুমার জানান, দুটি স্পিডবোটের কোনোটারই সামনের বাতি ছিলো না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৩০৩ ঘ.
bdnews24