ইসরাইল হোসেন বাবু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
সিরাজগঞ্জ, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ হয়ে যাওয়া কওমী জুট মিল পুনরায় চালু হতে যাচ্ছে। এই উদ্যোগে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে এ পাটকলের শ্রমিক-কর্মচারীসহ সিরাজগঞ্জের মানুষ।
তারা আশা করছে, এই পাটকল ঘোরাবে তাদের ভাগ্যের চাকা।
ঋণের ভারে ২০০৭ সালে বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে পাটকলটি বন্ধ করে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এটি উদ্বোধন করবেন। এর আগে গত ১১ ডিসেম্বর পাটকলটি তার উদ্বোধন করার কথা ছিলো। কিন্তু সে সময় তার সফর স্থগিত হয়ে যাওয়ায় মিলটি আর উদ্বোধন হয়নি। প্রধানমন্ত্রী শনিবার সিরাজগঞ্জ সফর করবেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে মিলটি সচল করার জন্য সরকার ৩৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সম্পন্ন হয়েছে মিলটির যন্ত্রাংশের মেরামত, অস্থায়ীভাবে কিছু কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পাটক্রয়সহ বেশিরভাগ কাজ।
রাষ্ট্রীয় মালিকানাধীন উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এ পাটকলটি বন্ধ হওয়ায় বেকার হয়ে যান প্রায় চার হাজার শ্রমিক-কর্মচারী (নিয়মিত-অনিয়মিত)। যার প্রভাব পড়ে সিরাজগঞ্জসহ দেশের অর্থনীতিতে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রথম পর্যায়ে পাটকলের এক নম্বর ইউনিটে উৎপাদন শুরুর জন্য পাঁচশ' ছোট তাঁত (লুম) প্রস্তুত করা হয়েছে। এসব লুম থেকে প্রতিদিন ৪৫ টন (চট, বস্তা) পাটজাত পণ্য উৎপাদিত হবে। এ কাজের জন্য প্রায় ১৫ শ' শ্রমিক-কর্মচারীকে দৈনিক হাজিরার ভিত্তিতে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। মিলটি পুনরায় পুরোদমে চালু হলে প্রায় ৫ হাজার লোকের কর্মসংস্থান হবে।
পাটকলটিতে বিভিন্ন পদে চাকরির জন্য প্রায় ১০ হাজার আবেদনপত্র জমা পড়েছে। উদ্বোধনের পর নিয়োগ চূড়ান্ত করবে বাংলাদেশ জুট মিল করপোরেশন (বিজেএমসি)।
সিরাজগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাবেক সহসভাপতি সোহরাব আলী সুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিলটি চালু হলে সিরাজগঞ্জের অর্থনীতি তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।
পাটকলের প্রকল্প প্রধান নূরুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে মিলটি চালু করার জন্য বিজেএমসি থেকে পাট ও অনান্য মালামাল কেনা বাবদ ৩৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উদ্বোধনের জন্য মিলটি এখন প্রস্তুত।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ঐতিহ্যবাহী কওমী জুটমিল চালু হলে অনেক বেকার যুবকের কর্মসংস্থান হবে। চাষীরা তাদের পাটের ন্যায্যমূল্য পাবে। যার ইতিবাচক প্রভাব সিরাজগঞ্জ জেলার পাশাপাশি দেশের অর্থনীতিতেও পড়বে।"
১৯৬০ সালে সিরাজগঞ্জ শহরের দক্ষিণ অংশে রায়পুরে ৭৫ একর জমির ওপর নর্দান পিপলস্ জুট মিল নামে এ পাটকলটি প্রতিষ্ঠিত হয়। পরে এর নামকরণ করা হয় কওমী জুট মিল।
পাটকলটিতে পুরোদমে উৎপাদন শুরু হয় ১৯৬৩ সালে। প্রথম দিকে এ পাটকল লাভজনক ছিলো। তবে ৮০'র দশকে সামরিক শাসনামল থেকে প্রতিবছর লোকসান হতে থাকে। ফলে বাড়তে থাকে ব্যাংক ঋণের বোঝা।
নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সিরাজগঞ্জবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী বন্ধ মিলটি পুনরায় চালু করার ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/কেএমএস/১১১২ ঘ.
bdnews24