বান্দরবান, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান কোর্ট হাজত থেকে চার বছরের সাজাপ্রাপ্ত এক নারী আসামি পালিয়ে গেছে। এ ঘটনায় চার পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বান্দরবান প্রধান বিচারিক হাকিম আদালত বৃহস্পতিবার একটি মামলায় তিন আসামি একই পরিবারের তিন সদস্য মো. লাল মিয়া, তার স্ত্রী নূর বেগম (৪৫) ও ছেলে মো. মঈন উদ্দীনকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে মামলার কার্যক্রম শেষে কোর্ট পুলিশ মো. লাল মিয়া ও মো. মঈন উদ্দীনকে হাজতে রাখে। নূর বেগমকে হাজতের বাইরে রাখা হয়। এ সময় কৌশলে পালিয়ে যায় নূর বেগম।
বান্দরবানের পুলিশ সুপার মো. কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দায়িত্বে অবহেলার কারণে তাৎক্ষণিকভাবে কোর্ট হাজতের দায়িত্ব পালনকারী চার পুলিশ সদস্যকে 'সাসপেন্ড' করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতনিধি/কেএমএস/১৯৫০ ঘ.
bdnews24