২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিয়াকত আলী লাকী শিল্পকলা একাডেমীর নতুন মহাপরিচালক

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক (ডিজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন দেশের প্রথিতযশা নাট্য ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 10:56 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক (ডিজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন দেশের প্রথিতযশা নাট্য ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী। তাকে ওই পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে সংস্থাপন মন্ত্রণালয়। তার এ নিয়োগ কাজে যোগ দেওয়ার দিন থেকে দুই বছরের জন্য কার্যকর থাকবে। তবে কাজে যোগ দেওয়ার আগে লিয়াকত আলীকে সকল সংগঠনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হবে। এছাড়াও সংস্থাপন মন্ত্রণালয় পৃথক পৃথক আদেশে বৃহস্পতিবার তিনটি চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বৃদ্ধি, একজন যুগ্ম-সচিব ও একজন সিনিয়র সহকারি সচিবকে পদায়ন করেছে। চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানো হয়েছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম মোহাম্মদ আলী সিকদার, বিআরটিসি'র চেয়ারম্যান মেজর (অব.) এমএম ইকবাল এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা কামাল উদ্দিনের। তাদের চুক্তির মেয়াদ দুই বছরের জন্য বাড়ানো হয়েছে। এ নিয়োগ গত ৩০ মার্চ অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে। সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব মিজানুর রহমানকে সিরাজগঞ্জ বিসিকের শিল্প পার্ক স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) এবং ওএসডি সিনিয়র সহকারি সচিব নূরুন নাহার চৌধুরীকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৬৫৭ ঘ.