ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম আদমশুমারিতে প্রতিবন্ধীদের যথাযথভাবে গণনাভুক্ত করা হয়নি উল্লেখ করে তাদের জন্য স্বতন্ত্র শুমারির দাবি জানানো হয়েছে।
প্রতিবন্ধীদের ৯৪টি সংগঠনের সমন্বয়ে গঠিত ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিজঅ্যাবল্ড পিপলস্ অর্গানাইজেশনস্ (ন্যাডপো) বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সরকারের কাছে এই দাবি জানায়।
ন্যাডপোর সভাপতি আবদুস দুলাল বলেন, মাঠ পর্যায়ের তথ্য সরবারহকারীদের প্রতিবন্ধকতা এবং প্রতিবন্ধীদের ধরণ সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় আমদশুমারি থেকে অনেক প্রতিবন্ধী বাদ পড়েছে।
তিনি বলেন, সারাদেশে প্রতিবন্ধীদের বিভিন্ন সংগঠনের মাধ্যমে খোঁজ নিয়ে তারা নিশ্চিত হয়েছেন যে, প্রতিবন্ধীদের গণনা করা হলেও প্রতিবন্ধী হিসাবে গণনা করা হয়নি।
প্রতিবন্ধীদের নিয়ে স্বতন্ত্র শুমারি না করা হলে সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, স্বতন্ত্র শুমারি হলে জাতীয় উন্নয়নে প্রতিবন্ধীদের সম্পৃক্ততা ও নাগরিক দায়িত্ব পালন নিশ্চিত হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ন্যাডপোর সহ-সভাপতি আনোয়ার হোসেন হাজারী, ইফতেখার হোসেন সোহেল, মহাসচিব জাহাঙ্গীর আলম ও সমন্বয়কারী শিরিন আক্তার উপস্থিত ছিলেন।
গত ১৫ থেকে ১৯ মার্চ সারাদেশে পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কেএমএস/১৬২৪ ঘ.
bdnews24