২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইপি কার্ড পেলেন ১২ জন অনাবাসী

রেমিটেন্স পাঠানোর মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১২ জন অনাবাসী বাংলাদেশিকে (এনআরবি) 'সিআইপি কার্ড' দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 09:39 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেমিটেন্স পাঠানোর মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১২ জন অনাবাসী বাংলাদেশিকে (এনআরবি) 'সিআইপি কার্ড' দেওয়া হয়েছে। ২০০৯ সালে তাদের অবদানের জন্য এ ১২ জনকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে গত ২০ মার্চ মনোনীত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন তার মন্ত্রণালয়ের কার্যালয়ে এ কার্ড হস্তান্তর করেন। কার্ড পাওয়া ১২ সিআইপি প্রবাসী বাংলাদেশি হলেন- মৌলভীবাজারের মোহাম্মদ আব্দুল রহিম ও ড. এমজি মৌলা মিয়া, সিলেটের কায়ছর আহমেদ, চট্টগ্রামের এমএন আলম, মোহাম্মদ আলী ও মীর সেলিম উদ্দিন, ঢাকা মিরপুরের কাজী সারোয়ার হাবিব, নাজিম আবেদীন চৌধুরী ও লিয়াকত আলী, মোহাম্মদপুরের মোহাম্মদ গোলাম কবির ভূঁঞা, বনশ্রী'র মো. হেদায়েত উল্লাহ এবং ধানমণ্ডির কাজী শাহ আলম। আগামী এক বছর পর্যন্ত এ ব্যক্তি সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন। বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীদের মতোই সুবিধা পাবেন তারা। সিআইপি কার্ডধারীরা মেয়াদকালীন সময়ে সচিবালয়ের প্রবেশপত্র, বিমানসহ সব ধরনের যানবাহনে আসন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার ও বিশেষ হ্যান্ডলিং সুবিধা এবং সরকারি হাসপাতালে কেবিন সুবিধা পান। এছাড়া সরকারের সংশ্লিষ্ট নীতি-নির্ধারণী কমিটিতে অন্তর্ভুক্তি এবং বিশেষ জাতীয় দিবসগুলোতে রাষ্ট্রীয় আমন্ত্রণ পান সিআইপিরা। তবে মেয়াদ শেষ হওয়ার সাত দিনের মধ্যেই তাদের এসব কার্ড সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে। সচিবালয়ে কার্ড হস্তান্তর অনুষ্ঠানে কার্ডপ্রাপ্তরা সিআইপি কার্ডের সংখ্যা ও এর সুবিধা আরো বাড়ানো, বিমানবন্দর ও বিদেশে বাংলাদেশি দূতাবাসে হয়রানি বন্ধ করার দাবি জানান। তাদের অভিযোগ শোনার পর মন্ত্রী তা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের রেমিটেন্স ১৩ শতাংশ অবদান রাখে। তাই এ খাতে সিআইপি'র সংখ্যা আরো বাড়ানো উচিৎ। তবে এজন্য অনাবাসী এসব বাংলাদেশিকে দেশে আরো বেশি করে বিনিয়োগ ও বৈধ পথে আরো বেশি করে অর্থ পাঠাতে হবে। চালুর অপেক্ষায় থাকা প্রবাসী কল্যাণ ব্যাংকের সুযোগ-সুবিধার চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, এখান থেকে প্রবাসীরা ঋণ নিতে এবং এর মাধ্যমে বৈধপথে রেমিটেন্স পাঠাতে পারবেন। প্রবাসী কল্যাণ ব্যাংক ছাড়াও সরকার প্রবাসীদের জন্য এনআরবি ব্যাংক নামে পৃথক একটি ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এমআই/১৫৪০ ঘ.