২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঙা পুঁজিবাজার

পুঁজিবাজারে অস্থিরতা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন দাখিলের দিনে হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে ডিএসইতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 05:32 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অস্থিরতা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন দাখিলের দিনে হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে ডিএসইতে। সপ্তাহের শেষ দিনে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ২৩ মিনিটে সাধারণ সূচক ৪৯ পয়েন্ট বেড়ে যায়, ঊর্ধ্বগতির এ ধারা প্রায় সারাদিনই অব্যাহত ছিলো। দিন শেষে সূচক দাঁড়িয়েছে ৬৫৪০ দশমিক ৬০, যা দিনের শুরুর চেয়ে ৮৬ পয়েন্ট বা ১ দশমিক ৩৪ শতাংশ বেশি। কয়েকদিনের বিরতির পর লেনদেনের পরিমাণ হাজার কোটি টাকা ছাড়ায়। সারাদিনে ১ হাজার ২০৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। লেনদেন হওয়া ২১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৪টির। ৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো। পুঁজিবাজারে অস্থিরতা তদন্তে গঠিত কমিটি সকালেই তাদের প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে দিয়েছে। কমিটি বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য এসইসিকে দায়ী করে প্রতিষ্ঠানটি সংস্কারের সুপারিশ করেছে। গত বছরের শেষ দিকে টানা দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ, কারসাজির অভিযোগ- সব মিলিয়ে এক মাসেরও বেশি সময় ধরে চলা সঙ্কট থেকে উত্তরণের উপায় খুঁজতে এ কমিটি গঠন করে সরকার। চার সদস্যের এ কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৫৩০ ঘ.