চট্টগ্রাম, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি বন্ধ না হলে ২০১১ সাল এ সরকারের শেষ বছর বলে মন্তব্য করেছেন এলডিপি সভাপতি অলি আহমদ।
বুধবার চট্টগ্রামে এক জনসভায় তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবনতি বিগত ৪০ বছরের ইতিহাসকে ছাড়িয়ে গেছে।
বিকালে বন্দর নগরীর লালদীঘি ময়দানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) এক জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অলি বলেন, সংসদ সদস্যদের দুর্নীতি বন্ধ হলে সারাদেশে দুর্নীতি কমে যাবে।
সবক্ষেত্রে দলীয়করণের অভিযোগ এনে অলি বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা থানা দখল করে আছে। পুলিশ প্রশাসনকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না।
তারা অবাধে খাস জমি দখল করছে, বলেন তিনি।
আওয়ামী লীগ দলীয় সাংসদদের হাতে সরকারি কর্মকর্তাদের পিটুনি খাওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।
চট্টগ্রাম মহানগর এলডিপি সভাপতি ওয়াহেদ আজগর চৌধুরীর সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- এলডিপির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত, কেন্দ্রীয় সহ-সভাপতি এম সলিম উল্লাহ, উপদেষ্টা নুরুল আলম, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/ডিডি/০০২৯ ঘ.
bdnews24