২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্কে ক্ষতির কথা আবার বললেন ব্লেইক

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনীতিক বলেছেন, মুহাম্মদ ইউনূস ও সরকারের লড়াই যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 05:01 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনীতিক বলেছেন, মুহাম্মদ ইউনূস ও সরকারের লড়াই যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক শুনানিতে মঙ্গলবার এ কথা বলেছেন দেশটির দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেইক। গত মাসে তিনি চারদিনের সফরে ঢাকা এসেছিলেন। সফরে গত ২২ মার্চ ব্লেইক বলেন, ড. ইউনূসের অব্যাহতি ইস্যুতে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে প্রভাব পড়বে। "সুশীল সমাজকে উপেক্ষা করে ইউনূসের অব্যাহতির বিষয়ে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে।" একই সঙ্গে ইউনূসের অপসারণকে অনভিপ্রেত ও অপ্রয়োজনীয় উল্লেখ করে বলেছিলেন, এ বিষয়ে সব পক্ষের জন্যই সন্তোষজনক একটি আপোসে পৌঁছানো সম্ভব বলে তিনি আশাবাদী। কংগ্রেসে ব্লেইক বলেন, ইউনূসের বৈশ্বিক মর্যাদা এবং গ্রামীণ ব্যাংকের অখণ্ডতা ও কার্যকরিতা টিকিয়ে রাখে এমন একটা সমঝোতায় পৌঁছুতে হবে বলে আমি সতর্ক করেছি; নইলে দুদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। অনুমোদন না নিয়ে পদে থাকার কারণ দেখিয়ে ২ মার্চ নোবেলজয়ী ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতির আদেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। ওই আদেশের বিরুদ্ধে ইউনূস হাইকোর্টে রিট আবেদন করলে তাও নাকচ হয়ে যায়। হাইকোর্টের রায় স্থগিতে ইউনূসের করা আপিলও মঙ্গলবার নাকচ হয় সুপ্রিম কোর্টে। ইউনূস এ আদেশ প্রত্যাহারে আবেদন করেন মঙ্গলবারই। এর শুনানি আগামী ২ মে পর্যন্ত মুলতবি হয়েছে। ব্লেইক কংগ্রেসে শুনানিতে বলেন, গ্রামীণের নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশ সরকার ও ইউনূস লড়াইয়ে জড়িয়ে গেছে। বাংলাদেশের সুশীল সমাজের ওপর এর প্রভাব রয়েছে। "দুই সপ্তাহ আগে বাংলাদেশ সফরে গিয়ে আমি ও ড. জেমস উলফেনসন সুশীল সমাজের বিশ্বাসযোগ্যতা এবং গ্রামীণ ব্যাংকের স্বাধীনতা অটুট রাখতে সরকারের প্রতি আহ্বান জানাই।" তিনি বলেন, অল্প পরিমান বা জামানত ছাড়াই লাখ লাখ বাংলাদেশি বিশেষ করে নারীদের ঋণ দিয়ে বাংলাদেশে "ক্ষুদ্রঋণের" ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক পথপ্রদর্শক। "বাংলাদেশ তার সক্রিয় সুশীল সমাজের জন্যও গর্বিত হতে পারে যে সমাজ থেকে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মতো বিশ্ব নাগরিক পাওয়া গেছে।" শুনানিতে রবার্ট ও ব্লেইকের দেওয়া বক্তব্যের একটি প্রতিলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সংগ্রহে রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ইউনূসের ঘনিষ্ঠ বন্ধু। ইউনূস যুক্তরাষ্ট্রের দুটি সর্বোচ্চ বেসামরিক খেতাবেও ভূষিত। এগুলো হলো- আমেরিকান প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম ও কংগ্রেসশনাল গোল্ড মেডেলে। তবে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে যুক্তরাষ্ট্রের "গভীর আগ্রহ" রয়েছে বলেও উল্লেখ করেন ব্লেইক। তিনি বলেন, আমাদের যৌথ আগ্রহের বিষয়গুলো এবং বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে কাজ করতে চায়। যুক্তরাষ্ট্রের কংগ্রেসশনাল ককাসের ২৬ জন সদস্য ইউনূসের প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি লেখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/বিডি/পিডি/২২৩৭ ঘ.