নরসিংদী, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের মামলায় দুই সাংবাদিক সহোদরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়েনা জারি করেছে নরসিংদীর একটি আদালত।
বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাদিকুল ইসলাম এ আদেশ দেন এবং এ দু'জনকে আদালতে হাজির করতে বলেন সদর থানার ওসিকে।
গত ১৬ মার্চ একই আদালতে মামলাটি দায়ের করেন জেলা শহরের কোর্ট রোডের বাসিন্দা সৈয়দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহিদা আক্তার শামীম।
আসামিরা হলেন- বাদীর স্বামী আরটিভি ও দৈনিক মানবজমিন'র নরসিংদী জেলা প্রতিনিধি মোরশেদ শাহরিয়া এবং ভাসুর মোহনা টিভি ও আমাদের সময়'র জেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান।
মামলার নথি থেকে জানা যায়, আসামিরা বাদীর কাছে দীর্ঘদিন ধরে মোটা অংকের যৌতুক দাবি করে আসছিলেন।
তিনি এ টাকা দিতে এতে অপারগতা প্রকাশ করলে আসামিরা তাকে মারধর করেন এবং মানসিক নির্যাতন চালান।
আদালত বিষয়টি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
পরে নরসিংদীর জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম সাবরিনা আলী তদন্ত করে প্রাথমিকভাবে ঘটনা সত্যতা পান বলে সোমবার (০৪ এপ্রিল) আদালতে প্রতিবেদন দাখিল করেন।
নরসিংদী সদর থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি গ্রেপ্তারি পরোয়ানা পেয়েছেন। রাতে তাদের গ্রেপ্তার অভিযান চালানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৭ ঘ.
bdnews24