নওগাঁ, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের এক সপ্তাহ পরও নওগাঁর মান্দা উপজেলার নবম শ্রেণীর এক ছাত্রীকে উদ্ধার করা যায়নি।
ওই ঘটনায় বুধবার পাঁচজনকে আসামি করে আদালতে একটি মামলা করেছেন মেয়েটির বাবা।
নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোশারফ হোসেন মান্দা থানার ওসিকে মামলাটি তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন।
গত ২৯ মার্চ স্কুলে যাবার পথে আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রীকে অপহরণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলায় উপজেলার শ্রীকলা গ্রামের মুনসুর আলীর ছেলে শরিফ উদ্দিন (২০) ও তার চার সহযোগীকে আসামি করা হয়েছে। অপর আসামিদের নাম জানা যায়নি।
এদিকে মেয়েটির বাবা বুধবার বিকালে মান্দা উপজেলা প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের ঘটনাটি জানিয়েছেন।
তিনি বলেন, গত ২৯ মার্চ স্কুলে যাওয়ার পথে বরিয়া এলাকা থেকে পাাশের শ্রীকলা গ্রামের শরিফ উদ্দিন তার বন্ধুদের সহযোগিতায় তার মেয়েকে অপহরণ করে।
বেশ কিছুদিন আগে থেকে তার মেয়েকে শরিফ উত্ত্যক্ত করে আসছিল।
তিনি অভিযোগ করেন, ঘটনার দিন রাতে তিনি মান্দা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কিন্তু এক সপ্তাহেও তার মেয়েকে উদ্ধার করতে না পারায় আদালতে মামলা করেন তিনি।
এ ব্যাপারে সন্ধ্যায় মান্দা থানার ওসি এ কে এম খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তিনি পুরোপুরি জানেন না। তবে কেউ এ ধরনের মামলা করতে থানায় এলে অবশ্যই তা নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রনিতিধি/ডিডি/২০৫৬ ঘ.
bdnews24