ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামপুরা থানার ওসি ও দুই এসআইসহ পাঁচজনের বিরুদ্ধে বাড়ি দখলের হুমকি ও চাঁদাবাজির অভিযোগ তদন্ত করে পুলিশকে প্রতিবেদন দিতে বলেছে আদালত।
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আব্দুল কাদের এ নির্দেশ দেন। আগামী ১৭ এপ্রিলের মধ্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে এ প্রতিবেদন দিতে বলেছেন তিনি।
রাজধানীর খিলগাঁও তালতলা এলাকার বাসিন্দা জিয়াউন নাহার মঙ্গলবার একই আদালতে একটি মামলা করেন। এতে ওসি মো. সাইদুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) আজগর হোসেন, সাইফুল ইসলাম, স্থানীয় বাসিন্দা মো. দেলোয়ার হোসেন ও বাদির মেয়ে শামীমুন নাহার লিপিকে আসামি করা হয়।
মামলার আরজিতে অভিযোগ করা হয়েছে, মাদকাসক্ত লিপির মাধ্যমে মামলার অন্য আসামিরা গত বছরের ২৭ মার্চ বাদি জিয়াউন নাহারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তাকে বাড়িছাড়া করার হুমকি দেওয়া হয়।
আসামিরা ওই বাড়ির অন্য ভাড়াটেদের কাছেও চাঁদা দাবি করে বলে আরজিতে উল্লেখ করা হয়। বাদি জানিয়েছেন, তার এক ভাড়াটে ৫০ হাজার টাকা চাঁদা দিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/১৯০০ ঘ.
bdnews24