২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষানটেক প্রকল্প আবার শুরুর সময় জানানোর সীমা ১ মাস

ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের অবশিষ্ট কাজ কবে নাগাদ শুরু করা হবে তা আগামী এক মাসের মধ্যে জানাতে বলা হয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়কে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের অবশিষ্ট কাজ কবে নাগাদ শুরু করা হবে তা আগামী এক মাসের মধ্যে জানাতে বলা হয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়কে। বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বস্তিবাসী ও নিুবিত্তদের পুনর্বাসন প্রকল্প পরিচালক (উপ-সচিব) মাহমুদুল হাসান জানান, ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ফ্ল্যাটের দাম পুনর্নির্ধারণসহ কীভাবে প্রকল্পের কাজ শুরু করা যায় তা জানাতে বলা হয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে। প্রায় ৪৮ একর প্রকল্প এলাকায় একশ ১১টি ভবন করার কথা রয়েছে। ভূমি মন্ত্রণালয়ের অধীনে এ পর্যন্ত ১৮টি ভবন তৈরি করা হয়েছে এবং বাকি ভবনগুলো গণপূর্তের অধীনে হবে বলে গত ১৩ জানুয়ারি সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রকল্পে ১৩ হাজার দুশ ৪৮টি ফ্ল্যাট হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে তৈরি করা ১০টি ভবনে নয়শ ৩৮টি পরিবারকে বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি আটটি ভবনের কাজ প্রায় শেষের দিকে বলে জানান প্রকল্প পরিচালক। এ পর্যন্ত মোট দুহাজার একশ ৪৭ পরিবারকে এ প্রকল্পে তালিতাভুক্ত করা হয়েছে। ২০০৩ সালে এ প্রকল্পের ফ্ল্যাটের দাম নির্ধারণ করা হয়েছিল বস্তিবাসীদের জন্য দুলাখ টাকা এবং নিুবিত্তদের জন্য তিন লাখ ৫৫ হাজার টাকা। বর্তমান বাজারদরে এ ফ্ল্যাটমূল্যে কীভাবে নির্ধারণ করা হবে এবং এ প্রকল্পের জনবল নিয়ে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে গৃহায়ণ মন্ত্রনালয়কে। ১৯৯৮ সালে এ প্রকল্প শুরু করা হলেও এ প্রকল্পে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে অতীতে। এ প্রেক্ষিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়কে গত ২৭ জানুয়ারি এ প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়। নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট এ প্রকল্পের দায়িত্বে ছিল। গত বছরের অক্টোবরে এ চুক্তি বাতিল করা হয়। বুধবারের সভায় ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানসহ ভূমি ও গণপূর্ত মন্ত্রনালয়ের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৮০১ ঘ.