ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের তাগিদ থাকলেও স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছনোর অগ্রগতি আশানুরূপ নয় বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য চিকিৎসা সংক্রান্ত তথ্যের ঘাটতি এবং দক্ষ লোকবলের অভাবকেই কারণ হিসেবে চিহ্নিত করেছেন তিনি।
প্রধানমন্ত্রী বুধবার তার কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুশেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স উদ্বোধন করেন।
হাসিনা বলেন, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের যথেষ্ট উদ্যোগ সত্ত্বেও সার্বিক জনস্বাস্থ্য পরিস্থিতির আশানুরূপ অগ্রগতি হচ্ছে না। এর কারণ চিকিৎসা ব্যবস্থায় প্রয়োজনীয় তথ্যের ঘাটতি, প্রাপ্ত তথ্যের যথাযথ বিশ্লেষণের জন্য পর্যাপ্ত লোকবলের অভাব এবং রোগ প্রতিরোধের চেয়ে রোগ নিরাময়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া।
জনস্বাস্থ্য বিষয়ে উচ্চতর গবেষণার ওপর জোর দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।
আমেরিকার সেবাধর্মী প্রতিষ্ঠান রকফেলার ফাউন্ডেশন ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স স্থাপনে সহায়তা করেছে। এ জন্য প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত রকফেলার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জুডিথ রডিনকে ধন্যবাদ জানান।
স্বাস্থ্য বিষয়ক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, গবেষণার জন্য তথ্য সরবরাহ, বিভিন্ন রোগের ওপর নজরদারি এবং রোগের প্রাদুর্ভাব পর্যবেক্ষণ, স্বাস্থ্যসেবার গুণগত মানোন্নয়ন পাবলিক হেলথ এবং ইনফরমেটিক্স এর আওতাভুক্ত।
এ বিভাগ স্থাপনের মাধ্যমে বাংলাদেশে চিকিৎসা শিক্ষা এবং জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
তিনি বলেন, "আমাদের দেশে জনস্বাস্থ্যের এ দিকটি অনেকটাই উপেক্ষিত। বেশির ভাগ রোগ হয় সচেতনতার অভাবে। একটু সচেতন হলেই অনেক রোগ থেকে দূরে থাকা যায়। আবার সমষ্টিগত উদ্যোগ গ্রহণের মাধ্যমে অনেক রোগের প্রাদুর্ভাব রোধ করা সম্ভব।"
স্বাস্থ্য তথ্যভাণ্ডারের গুরুত্ব তুলে ধরে হাসিনা বলেন, দেশের সরকারি অথবা বেসরকারি পর্যায়ে বড় বড় হাসপাতালগুলোতেও রোগ ও রোগীর তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং তথ্য প্রাপ্তির কোনো ব্যবস্থা নেই। জন্ম-মৃত্যুর রেকর্ড, সংক্রামক ব্যাধি ও শিশুদের টিকাদান সম্পর্কিত তথ্য সংরক্ষণ করা বাধ্যতামূলক। অথচ এ সব তথ্যও সঠিকভাবে সংরক্ষণ করা হয় না।
তবে স্বাস্থ্যতথ্য বিষয়ক দীনতা ধীরে ধীরে দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে ৫০ শয্যা এবং জেলা হাসপাতালগুলোকে ২৫০ শয্যায় উন্নীত করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। চারটি নতুন মেডিকেল কলেজ এবং পাঁচটি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি প্রতিষ্ঠার কার্যক্রম হাতে নেওয়ার কথাও জানান তিনি।
শিগগিরই ৫ শতাধিক চিকিৎসক, ৫ হাজার নার্স এবং ১৪ হাজার স্বাস্থ্য সহকারী নিয়োগ হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে 'সেন্টার অফ এক্সেলেন্স' হিসেবে গড়ে তোলার জন্য ৪৮৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ জন্য সরকার ১২ বিঘা জমি দিয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধামন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী এবং রকফেলার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জুডিথ রডিন।
এর আগে সফররত ভারতের চিফ অফ নেভাল স্টাফ অ্যাডমিরাল নির্মল বর্মা প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭০০ ঘ.
bdnews24