ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার চলতি অর্থবছরে ৬ দশমিক ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির প্রত্যাশা করলেও এই হার ৬ দশমিক ৩ শতাংশ হতে পারে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।
পাশাপাশি অর্থবছরের বাজেটে সাড়ে ৬ শতাংশ মূল্যস্ফীতির কথা বলা হলেও তা ৮ শতাংশে পৌঁছাতে পারে বলে আভাস দিয়েছে এডিবি।
বুধবার এডিবির বার্ষিক প্রতিবেদন এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে এ পূর্বাভাস দেওয়া হয়।
এ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে রাজধানীর আগারগাওয়ে এডিবির কান্ট্রি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থার বিশেষজ্ঞ এম জাহিদ হোসাইন বলেন, যে কোনো দেশের ক্ষেত্রেই টেকসই উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত চলতি ২০১০-১১ অর্থবছরের বাজেট ঘোষণায় ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের আশা প্রকাশ করেন।
গত ২৮ ডিসেম্বর এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, অর্থবছরের প্রথম চার মাসে অর্থনীতির সূচকগুলো যে অবস্থানে ছিল, তাতে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষমাত্রা অর্জন সম্ভব বলেই মনে করেন তিনি।
তবে ৩০ জানুয়ারি অর্থবছরের দ্বিতীয় মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর আশঙ্কা প্রকাশ করেন, সরকার বাজেটে সাড়ে ৬ শতাংশ মূল্যস্ফীতির কথা বললেও বছর শেষে তা ৭ শতাংশের কাছাকাছি হতে পারে।
এডিবির এম জাহিদ হোসাইন বলেন, বর্তমান অর্থবছরে বাংলাদেশ প্রত্যাশিত ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি না পেলেও আগামী অর্থবছরে তা অর্জন সম্ভব হতে পারে। চলতি অর্থবছর শেষে মূল্যস্ফীতি হতে পারে ৮ শতাংশ। আর আগামী ২০১১-১২ অর্থবছরে তা আরো বেড়ে ৮ দশমিক ৫ শতাংশ হতে পারে।
অভ্যন্তরীণ চাহিদা ও প্রবাসী আয়ের (রেমিটেন্স) প্রবৃদ্ধি উল্লেখযোগ্য মাত্রায় কমে গেলেও শক্তিশালী রপ্তানি প্রবৃদ্ধি সার্বিকভাবে জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে সাহায্য করবে বলে আভাস দেন তিনি।
পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি ও ব্যবসায়ীদের আস্থা বাড়ায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আসবে বলেও এডিবি মনে করে।
তবে অবকাঠামোগত দুর্বলতা ও দক্ষ জনশক্তির অভাব অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিকে বাধাগ্রস্ত করতে পারে। পাশাপাশি নতুন প্রকল্প শুরুর জন্য জমির অভাবও একটি বড় চ্যালেঞ্জ হবে বলে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে উল্লেখ করা হয়েছে।
জাহিদ হোসাইন বলেন, "শহর এলাকায় ঘনবসতি ও দ্রুত নগরায়ণের ফলে অর্থনীতির ওপরও চাপ বাড়ছে। যানজট কমিয়ে যাতায়াত সহজ করতে হলে দ্রুত গতির পরিবহন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি বড় শহরগুলোকে ঘিরে ছোট ছোট স্যাটেলাইট শহর গড়ে তোলা যেতে পারে।"
শহরমুখী প্রবণতা কমাতে মফস্বল ও গ্রামাঞ্চলে জীবন মানের উন্নয়নের বিষয়েও নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।
এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি হতে পারে ২১ শতাংশ। আগামী অর্থবছরে তা ২২ শতাংশে পৌঁছতে পারে।
অবশ্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে আগের অর্থবছরের একই সময়ে তুলনায় ৪০ দশমিক ৩১ শতাংশ।
এডিবি বলছে, এ অর্থবছরে বাংলাদেশের আমদানি বাড়তে পারে ২৩ শতাংশ হারে। আর আগামী অর্থবছরে তা ২৪ শতাংশে পৌঁছাতে পারে।
চলতি অর্থবছরে রেমিটেন্স প্রবাহ ৩ শতাংশ এবং আগামী অর্থবছরে তা ৪ শতাংশ হারে বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে এডিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/জেকে/১৯৪৫ ঘ.
bdnews24