২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আলোচনা সভা বিএনপি কার্যালয়ে নিলো জাগপা

পুলিশের অনুমতি না পাওয়ায় মুসলিম হলের পরিবর্তে নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 08:06 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের অনুমতি না পাওয়ায় মুসলিম হলের পরিবর্তে নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আলোচনা সভার স্থান পরিবর্তনের কথা জানান জাগপা সভাপতি শফিউল আলম প্রধান। দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুুসলিম হলে বুধবার বিকালে কেন্দ্রীয় আলোচনা সভা ডাকলেও এর ঠিক বিপরীতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মহানগর ছাত্রলীগ যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে সমাবেশ আহবান করে। সংঘর্ষের আশঙ্কায় চট্টগ্রাম মহানগর পুলিশ কোনো পক্ষকেই সভার অনুমতি দেয়নি। সংবাদ সম্মেলনে শফিউল বলেন, "আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠান বন্ধ করে দিয়ে আপনার (শেখ হাসিনা) ভোট বাড়ে নাই। কেন, কী কারণে বন্ধ করা হয়েছে তা দেশের মানুষ দেখেছে।" এক সময়ের ছাত্রলীগ নেতা শফিউল আলম প্রধান বলেন, "শেখ হাসিনা আমার পুত্রতুল্যদের আমার বিরুদ্ধে লেলিয়ে দিতে পারেন। কিন্তু পিতা হিসেবে তাদের বিরুদ্ধে আমি কিছু করতে পারি না।" সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর বিএনপি'র সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জাগপা'র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান খান প্রমুখ। জাগপা'র আলোচনা সভায় বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, নগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হামীদুর রহমান য়াজাদের বক্তব্য রাখার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪০৪ ঘ.