২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় শামীম ওসমানের সাজা বাতিল

সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে দায়ের মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের তিন বছরের সাজা বাতিল করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 07:57 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে দায়ের মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের তিন বছরের সাজা বাতিল করেছে হাইকোর্ট। এছাড়া আয়কর ফাঁকির অপর একটি মামলায় তার আট বছরের সাজা স্থগিত করা হয়েছে। শামীম ওসমানের করা দুটি আবেদনে বুধবার হাইকোর্টের আলাদা দুটি বেঞ্চ এ আদেশ দেয়। সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে দায়ের মামলার সাজা বাতিল করেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর একক বেঞ্চ। অন্যদিকে আয়কর ফাঁকির অভিযোগে সাজা স্থগিতের আদেশ দেয় বিচারপতি মো. শামসুল হুদা ও আবু বকর সিদ্দিকীর বেঞ্চ। এতে বলা হয়, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আয়কর ফাঁকির মামলার সাজার কার্যকারিতা স্থগিত থাকবে। শামীম ওসমানের আইনজীবী গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৭ সালের ৪ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে মামলাটি দায়ের করেন এবং ওই বছরের ৩০ এপ্রিল এ মামলায় তার সাজা হয়। ওই বছরের ৩০ এপ্রিল আয়কর ফাঁকির মামলাটি করে জাতীয় রাজস্ব বোর্ড। এ মামলায় ওই বছরের ২৯ সেপ্টেম্বর তার ৮ বছরের সাজা হয়। চলতি বছরের ৬ ফেব্র"য়ারি দুই রায়ের বিরুদ্ধে পৃথক দুটি আপিল আবেদন করেন শামীম ওসমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/প্রতিনিধি/আরএ/১৩৫২ ঘ.