ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা না করতে সর্বোচ্চ আদালতের প্রতি আবেদন রেখে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এ ব্যবস্থায় কোনো সংস্কার প্রয়োজন হলে তা জাতীয় সংসদই করবে।
আপিলকারী পক্ষের বক্তব্যের জবাবে বুধবার ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত আপিলের শেষ দিনের শুনানিতে এ কথা বলেন সরকারের প্রধান আইন কর্মকর্তা।
গত ১০ মার্চ শুনানিতে আপিলকারীর আইনজীবী এমআই ফারুকী বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাষ্ট্রের প্রজাতান্ত্রিক চরিত্রকে নষ্ট করেছে। তিনি এ ব্যবস্থা অবৈধ ঘোষণার আবেদন করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, এ ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করা আদালতের ঠিক হবে না। ঐতিহাসিক প্রয়োজনে এটা করা হয়েছে। এর কোনো রদবদল প্রয়োজন হলে সেটা সংসদ করবে।
"জাতির একটা সন্ধিক্ষণে মানুষের ভোটাধিকার ঠিক রাখতে, গণতন্ত্রকে সুসংহত করতে এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রবর্তন হয়েছে", বলেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল তিন মাস হওয়ায় তা রাষ্ট্রের প্রজাতান্ত্রিক চরিত্র নষ্ট করে না বলেও মনে করেন অ্যাটর্নি জেনারেল।
ভুটান ও জাপানকে নজির হিসেবে দেখিয়ে তিনি বলেন, সেখানে সীমিত আকারে রাজতন্ত্র থাকলেও প্রজাতান্ত্রিক চরিত্র নষ্ট হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের আমলেও নির্বাচিত রাষ্ট্রপতিই থাকেন।
এ প্রসঙ্গে মন্ত্রিসভায় টেকনোক্র্যাট (অনির্বাচিত) সদস্য থাকার বিষয়টিও তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, গণতন্ত্র রক্ষার জন্যই দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এসেছে।
এ পর্যায়ে আদালত বলে, "আমাদের দেশে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি-না?"
জবাবে সরকারের (রাষ্ট্রের নয়) প্রধান আইন কর্মকর্তা বলেন, "ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সাবেক) টিএস সেশন বিভিন্ন নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের ক্ষমতা বুঝিয়েছিলেন। বাংলাদেশের নির্বাচন কমিশনের ক্ষমতাও তাদের সমান। এরপরও এদেশে মাগুরার মতো নির্বাচন হয়েছিলো।"
আপিলকারী পক্ষের আইনজীবী মহসিন রশিদ শুনানিতে বলেন, "সংবিধান অনুযায়ী, বাংলাদেশের নির্বাচন কমিশন স্বাধীন। সংবিধানের ১২৬ ধারায় বলা হয়েছে, রাষ্ট্রের সব অঙ্গ নির্বাচন কমিশনকে তাদের চাহিদা অনুযায়ী সহায়তা করবে।"
"কেউ যদি সহায়তা না করে তাহলে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে আসতে পারে। সুপ্রিম কোর্ট তখন এ বিষয়ে নির্দেশনা দিতে পারে", বলেন তিনি।
১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে সংবিধানে যোগ হয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। বিধান অনুযায়ী, নির্বাচিত এক সরকারের মেয়াদ শেষে সদ্য বিদায়ী প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়।
অন্তর্বর্তীকালীন এ অনির্বাচিত সরকার ব্যবস্থা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে বলে দাবি করেন মহসিন।
আপিলকারী পক্ষের অন্য আইনজীবী এমআই ফারুকী বলেন, "টিএইচ খান ও ড. কামাল হোসেন শুনানিতে দেওয়া তাদের বক্তব্যে বলেছেন, প্রয়োজনের তাগিদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে পারে।"
পাকিস্তানের একজন প্রধান বিচারপতি একটি মামলায় রায়ে প্রয়োজনীয়তার তাগিদে সামরিক শাসনকে বৈধতা দিয়েছিলেন- এ তথ্য তুলে ধরে তিনি বলেন, " এটা পাকিস্তানের জন্য বিপর্যয় ডেকে এনেছিলো। বাংলাদেশেও প্রয়োজনের কথা বলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা হলে বিপর্যয় নেমে আসবে।"
এ সময় আদালত বলেন, "তত্ত্বগতভাবে অবৈধ হলেও এ ব্যবস্থা বাতিল হলে সৃষ্ট সম্ভাব্য বাস্তব সমস্যার বিকল্প কী হতে পারে?"
জবাবে ফারুকী বলেন, "আপনারা সংবিধান রক্ষার শপথ নিয়েছেন। কোনটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সেটা আপনাদের দেখতে হবে।"
দুই পক্ষের বক্তব্য শোনার মধ্য দিয়ে শুনানিতে ইতি টানে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ। গত ১ মার্চ এ শুনানি শুরু হয়েছিলো।
শুনানি শেষে এ মামলাটিকে আদেশের জন্য অপেক্ষমাণ তালিকায় রেখেছে আদালত। তবে কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। নির্বাচিত সরকারের মেয়াদ শেষে এ সরকারের অধীনে নির্বাচন হয়ে পরবর্তী সরকার গঠিত হচ্ছে।
এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল
bdnews24