২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় সেনা ও পুলিশ সদস্য নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে মঙ্গলবার রাতে যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন মটর সাইকেল আরোহী এক পুলিশ সদস্য। গোপালগঞ্জের কাশিয়ানীতে একইভাবে এক সেনা সদস্য নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 05:45 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের ঘাটাইলে মঙ্গলবার রাতে যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন মটর সাইকেল আরোহী এক পুলিশ সদস্য। গোপালগঞ্জের কাশিয়ানীতে একইভাবে এক সেনা সদস্য নিহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের টাঙ্গাইল প্রতিনিধি জানান, নতুন কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে ঘাটাইল উপজেলার পোড়াবাড়িতে বাসের চাপায় নিহত হন এক পুলিশ কর্মকর্তা। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আশরাফ হোসেন ভুইয়া (৩০) ময়মনসিংহের হালুয়াঘাট থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভুঁইয়া কামার্থী গ্রামে। তিনি গাজীপুর জেলায় নতুন কর্মস্থলে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানায় পুলিশ। ঘাটাইল থানার ওসি মোমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১টার দিকে ঘাটাইলের পোড়াবাড়িতে বাসের চাপায় মারাত্মক আহত হন আশরাফ। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করার পর রাত সোয়া ১২টার দিকে তিনি মারা যান । গোপালগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় রাত সাড়ে ৯টার দিকে একটি যাত্রীবাহী বাসের চাপায় নিহত হন এক সেনা সদস্য। নিহত তৌহিদুল ইসলাম মুন্সি (২৯) কাশিয়ানীর খায়েরহাট গ্রামের রবিউল ইসলাম মুন্সির ছেলে। কাশিয়ানী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা ক্যান্টনমেন্টে কর্মরত সেনা সদস্য তৌহিদুল মঙ্গলবার ছুটি নিয়ে কাশিয়ানীতে তার বাড়ির উদ্দেশে রওনা দেন। তিনি জানান, রাত সাড়ে ৯ টার দিকে পোনায় পৌঁছে বাস থেকে নামার পর ঢাকাগামী একটি নৈশ কোচ তাকে চাপা দিলে মারাত্মক আহত হন তিনি। এরপরে কাশিয়ানী হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সকাল ৬টায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য যশোর সেনানিবাসে পাঠানো হয় বলে জানান পুলিশ কর্মকর্তা বদিউজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৪০ ঘ.