২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ

নোয়াখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

নোয়াখালী, এপ্রিল ০৫ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার নোয়ান্নয় ইউনিয়নের সালেহপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে সুধারাম থানার এসআই রফিক জানান। অভিযুক্ত স্বামী আহসান উল্লাহ পলাশ পলাতক রয়েছে। নিহত লিপি আক্তারের (২৯) বাবা মুক্তিযোদ্ধা আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামের আহসান উল্লার ছেলে পলাশের সাথে ১২ বছর আগে লিপির বিয়ে হয়। বিয়ের পর থেকে পলাশ যৌতুকের জন্য লিপির উপর নির্যাতন চালিয়ে আসছিল। আবুল কালাম জানান, তিন বছর আগে তিনি পলাশকে এক লাখ টাকা দিয়েছেন। কয়েকদিন ধরে পলাশ আরো ৩০ হাজার টাকা দাবি করছিলো। টাকা দিতে দেরি হওয়ায় সোমবার সে লিপিকে মারধর করে। এক পর্যায়ে লিপি অচেতন হয়ে পড়লে মুখে বিষ ঢেলে দেয়। এরপর তাকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে রেখে পালিয়ে যায়। হাসপাতাল সূত্র জানায়, 'চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেন। কিন্তু সে মারা যায়। এসআই রফিক জানান, ময়না তদন্ত শেষে লিপির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/২০৩২ ঘ.