বরিশাল, ০৫ এপ্রিল (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নবনির্বাচিত এক ইউপি চেয়ারম্যান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক কর্মচারীকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে ভাষাণচর ইউনিয়নের সাত হাজার একতা খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
রোববার (৩ এপ্রিল) নজরুল ইসলাম চুন্নু ভাষাণচর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন।
মারধরের শিকার মেহেন্দীগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিস সহকারী ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলজিইডি'র উদ্যোগে দুঃস্থ মহিলারা একতা খেয়াঘাট এলাকায় সড়ক সংস্কারের কাজ করছে।
কাজ পরিদর্শনের জন্য বেলা ১১টায় দিকে তিনি ওই এলাকায় যান। ওই সময় চেয়ারম্যান চুন্নু তার লোকজন নিয়ে সেখানে আসেন।
ফারুক বলেন, ওখানে গিয়ে চুন্নু কাজে নিয়োজিত মহিলাদের বাদ দিয়ে তার সমর্থক মহিলাদের নিতে বলেন। তিনি রাজি না হলে চুন্নু তাকে গালাগাল ও মারধর করেন।
উপজেলা প্রকৌশলী স্বপন কুমার গুহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এ ঘটনায় ওমর ফারুককে আবেদন করতে বলেছি। ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা জেনে ব্যবস্থা নেওয়া হবে।"
এ ব্যাপারে নজরুল ইসলাম চুন্নু বলেন, রাস্তায় নিম্নমানের ইট দিয়ে কাজ করছে। ঠিকমতো বালিও দেওয়া হচ্ছে না।
"এর প্রতিবাদ করলে ফারুক খারাপ ব্যবহার করেন। এ সময় আমার সঙ্গের একজন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে," বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১২ ঘ.
bdnews24