২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রতিবছর নির্যাতনে মারা যাচ্ছে ৪৪ গৃহকর্মী'

দেশে গত নয় বছরে ৩৯৮ জন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ২৯৯ এবং ৭৭ জন হয়েছেন ধর্ষণের শিকার। পরিবারের গৃহকর্তা বা তাদের লোকজনই এসব ঘটনার সঙ্গে জড়িত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে গত নয় বছরে ৩৯৮ জন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ২৯৯ এবং ৭৭ জন হয়েছেন ধর্ষণের শিকার। পরিবারের গৃহকর্তা বা তাদের লোকজনই এসব ঘটনার সঙ্গে জড়িত। মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) এক সেমিনারে এ তথ্য জানানো হয়। সংস্থাটির কর্মসূচি কর্মকর্তা নাজমা ইয়াসমিন জানান, শুধু গতবছর এ ধরনের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৬ গৃহকর্মী। এর আগের বছর ৩৭ জন। 'গৃহশ্রমিকদের অধিকার ও বর্তমান অবস্থা' শীর্ষক দুই দিনব্যাপী এ সেমিনার আয়োজন করা হয়। নাজমা ইয়াসমিন বলেন, "২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত গত নয় বছরে দেশে ৩৯৮ জন গৃহশ্রমিক নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন। সে হিসেবে প্রতিবছর গড়ে ৪৪ জন মারা গেছেন।" এছাড়া ২৯৯ জন আহত এবং ৭৭ জন ধর্ষণের শিকার হয়েছেন বলেও জানান তিনি। ১১টি সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে। কর্মসূচি কর্মকর্তা নাজমা জানান, গৃহকর্মীদের ওপর নির্যাতনের হার দিন দিন বাড়ছে। অনেক ক্ষেত্রে হত্যার ঘটনা আত্মহত্যা বলে প্রচার করে মূল অপরাধীরা পার পেয়ে গেছেন। গৃহকর্মীদের শ্রম আইনে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিলে এ সমস্যা অনেকাংশে কমবে বলে মনে করেন তিনি। বিলস'র মহাসচিব ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান বলেন, গৃহকর্মীদের অধিকার বিষয়ে সচেতনতা জোরদার করার ক্ষেত্রে জাতীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সহায়তা নেওয়া প্রয়োজন।" এ ক্ষেত্রে সরকারি, বেসরকারি সংস্থা ও ট্রেড ইউনিয়নকে একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন তিনি। বিলস'র উপদেষ্টা ও জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে ২০ লাখেরও বেশি গৃহকর্মী কর্মরত। অথচ শ্রম আইন-২০০৬ এ গৃহকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়নি। সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিলস যুগ্ম-মহাসচিব জাফরুল হাসান, সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/১৯১২ ঘ.