মাগুরা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর উপজেলায় নন্দলালপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ৫ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার হাজেরাপুর ইউনিয়নের নন্দলালপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী আইয়ুব হোসেন সাংবাদিকদের জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাতব্বর শরিফুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের আজাদ মুন্সীর বিরোধ চলে আসছে।
এরা দুজনই আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতা হিসেবে পরিচিত।
দোকানের বাকি টাকা চাওয়া নিয়ে মঙ্গলবার দুপুরে শরিফুলের সঙ্গে আজাদ মুন্সীর সমর্থক ইছা বিশ্বাসের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দু'পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পরে। এতে মহিলাসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়।
গুরুতর আহত নুরুল ইসলাম (৩৮), মরিয়ম বেগম (৪০), সোবারুল (২৭), আলমগীর (২৫) ও শরিফুল ইসলামকে (৪০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার ওসি আব্দুর রাকিব খান সাংবাদিকদের জানান, সংঘর্ষের পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৪৬ ঘ.
bdnews24