২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোতে বিমান বিধ্বস্ত: ২ বাংলাদেশি সেনার মৃত্যু

কঙ্গোর রাজধানী কিনসাসায় সোমবার জাতিসংঘের বিমান বিধ্বস্ত হয়ে দুই বাংলাদেশি সেনা সদস্য নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 09:19 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কঙ্গোর রাজধানী কিনসাসায় সোমবার জাতিসংঘের বিমান বিধ্বস্ত হয়ে দুই বাংলাদেশি সেনা সদস্য নিহত হয়েছেন। তারা হলেন- মেজর কে এম জিয়াউল হক এবং করপোরাল (ক্লার্ক) মো. ইউনুস মিয়া। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাহিনুর ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। জাতিসংঘের ওয়েবসাইটে এক সংবাদে জানানো হয়, ঝড়ো বাতাস ও বৃষ্টির মধ্যে কিনসাসা বিমান বন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনালের অ্যালেইন লি রয় সাংবাদিকদের জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়াই এ দুর্ঘটনার প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে। কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে জানানো হয়, ওই বিমানে ২৯ জন যাত্রী এবং পাঁচ জন ক্রু ছিলেন। এদের মধ্যে শুধু একজন বেঁচে রয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষী প্রধান অ্যালেন লে রয় নিউ ইয়র্কে বলেন, নিহতদের মধ্যে পাঁচজন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্য। বিমানটি পূর্বাঞ্চলীয় শহর গোমা থেকে কিনসাসায় যাচ্ছিলো। বিদ্রাহীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য কঙ্গোয় জাতিসংঘের ১৯ হাজার শান্তিরক্ষী নিয়োজিত রয়েছে। দেশটিতে ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত গৃহযুদ্ধে প্রায় ৫০ লাখ মানুষ নিহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/কিউএইচ/এএল/১৫১১ ঘ.