পাবনা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানিতে মাছি মারার কীটনাশক মিশিয়ে পান করে ঈশ্বরদীতে এক বিদ্যালয়ের ১০ শিশু অসুস্থ হয়ে পড়েছে।
এরা হলো- ইসরাফিল, সিজান, অমিত, শাকিব, নয়ন, দিপু, জিসান, তারেক, ইমন ও সৈকত।
সোমবার সকালে ঈশ্বরদীর উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল গ্রামের ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ ছাত্রদের ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান জানান, বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ওই ১০ জন ছাত্র ক্লাস চলাকালীন হঠাৎ করে ক্লাসে ঢলে পড়ে। এ অবস্থা দেখে শ্রেণীশিক্ষক আজমেরী সুলতানা প্রধান শিক্ষককে বিষয়টি জানান।
প্রধান শিক্ষক অসুস্থ ছাত্রদের কাছ থেকে মাছি মারার কীটনাশক মিশিয়ে শরবত পানের বিষয়টি জানতে পেরে তাদের ঈশ্বরদী সদর হাসপাতালে নিয়ে আসেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম জানান, বাঘইল গ্রামের নওশের আলী ছেলে ইসরাফিল বাঘইল ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। তাকে তার মা সকালে স্কুলছুটির পর পাশের দোকান থেকে মাছি মারার কীটনাশক কিনে বাড়ি ফিরতে বলেন। কিন্তু ইসরাফিল বিদ্যালয়ে যাওয়ার পথে ওষুধটি কিনে পকেটে করে বিদ্যালয়ে যায়।
"সে তার বন্ধুদের প্যাকেটে রাখা মাছি মারা কীটনাশককে স্যালাইন ভেবে তাদের সঙ্গে রাখা পানির বোতলে গুলিয়ে ১০ বন্ধু মিলে পান করে। এর কিছুক্ষণ পরই তারা শ্রেণীকক্ষে গিয়ে বিষক্রিয়ায় ঢলে পড়ে।
ঈশ্বরদীর সহকারী কমিশনার ভূমি শামীম আহমেদ অসুস্থদের দেখতে হাসপাতালে যান।
পুলিশ ঘটনাস্থল বাঘইল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছে। বিষবিক্রেতা দোকানি পলাতক রয়েছেন বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৩৮ ঘ.
bdnews24