২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে চাল ব্যবসায়ীর লাশ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে সোমবার সেবুল আহমদ (২৭) নামের এক চাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 04:05 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

সিলেট, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে সোমবার সেবুল আহমদ (২৭) নামের এক চাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার কানিশাইল ঝামিটিকর গ্রামের আমির আলীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। আমির আলীর মেয়ে মিনা বেগমের (৩৫) সঙ্গে সেবুলের প্রেমের সম্পর্ক ছিলো বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পুলিশ মিনা বেগম, তার ভাই রেজা আহমদ (২০) ও বোন মনোয়ারা বেগমকে (২১) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। গোলাপগঞ্জ থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম সাংবাদিকদের জানান, মিনা বেগমের ভাই জিয়া উদ্দিন (২২) রোববার সন্ধ্যায় সেবুলকে তাদের বাড়িতে নিয়ে যান। রাতে ওই বাড়িতেই থাকেন তিনি। সোমবার সকালে জিয়া উপজেলার রায়গড় গ্রামে সেবুলের বাড়িতে গিয়ে খবর দেন, সে গুরুতর অসুস্থ। সেবুলের ভাই কামাল আহমদ ঝামিটিকর গ্রামে সেখানে গিয়ে সেবুলকে মৃত অবস্থায় পান বলে ওসি জানান। সাইদুল ইসলাম বলেন, সেবুল আহমদ ঢাকা দক্ষিণ বাজারের মসজিদ মার্কেটে চালের ব্যবসা করতেন। ময়না তদন্তের জন্য তার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে তার শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান ওসি। এ ঘটনায় নিহতের ভাই কামাল আহমদ বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২১৫৮ ঘ.