বরগুনা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার বোতাগী উপজেলায় জঙ্গি সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলা সদর থেকে তাদের ধরে গোয়েন্দা পুলিশে (ডিবি) সোপর্দ করা হয়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গ্রেপ্তার চারজন হলেন- দিনাজপুরের বিরল উপজেলার রঘুনাথপুর গ্রামের মোজাম্মেল হক (৩০), তার স্ত্রী খাদিজা বেগম আফরোজা (২৩), নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাজীহাট মহল্লার আরশাদ (২০) ও আবদুস সালাম (২১)।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেন, এ চারজনের চলাফেরা সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা বেতাগী থানায় অভিযোগ করে। পরে থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মোজাম্মেল হক পুলিশ ও সাংবাদিকদের বলেন, গত সাড়ে সাত বছর ধরে তিনি ভোলার চরফ্যাশন উপজেলার কুলসুমবাগের পীর আবদুল মজিদের শিষ্য হিসেবে আছেন।
এর আগে তিনি ও তার পীর জঙ্গি সন্দেহে ধরা পরে হাজতও খেটেছেন।
তিনি বলেন, ১৫/১৬ দিন আগে তিনি বেতাগী সদরে এসে একটি ভাড়া বাসায় উঠে বিভিন্ন মালামাল বিক্রির পাশাপাশি ইসলামের প্রচারণা শুরু করেন। শনিবার আরশাদ ও সালাম তার বাসায় এলে এলাকাবাসী তাদের জঙ্গি বলে সন্দেহ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৬ ঘ.
bdnews24