২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ কর্মকর্তা পদে নিয়োগ

পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) পরীক্ষাগারের প্রধান রাসায়নিক পরীক্ষকসহ সরকারের পাঁচ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) পরীক্ষাগারের প্রধান রাসায়নিক পরীক্ষকসহ সরকারের পাঁচ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এ আদেশ দেয়। সিআইডির পরীক্ষাগারের প্রধান রাসায়নিক পরীক্ষক পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল হাই। একই দপ্তরের উপ-প্রধান রাসায়নিক পরীক্ষক পদে বিসিএসআইআরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশিষ কুমার সরকারকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব পদে প্রেষণে কর্মরত উপসচিব প্রদীপ কুমার দাসকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে এলজিইডির জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মাহবুব ইমাম মোরশেদকে। এছাড়া জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের গাইনোকোলজি বিভাগের ইনডোর মেডিকেল অফিসার নাজমুল আরাকে মহানগর জেনাবেল হাসপাতালের মেডিকেল অফিসার পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/১৯২২ ঘ.