রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম আদমশুমারি ও গৃহগণনায় পাওয়া তথ্য যাচাইয়ের (পোস্ট এনুমেরাটিভ সেনসাস) জন্য বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে (বিআইডিএস) দায়িত্ব দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
দেশে এই প্রথমবারের মতো বাইরের কোনো প্রতিষ্ঠানকে এ ধরনের দায়িত্ব দেওয়া হলো।
পরিসংখ্যান ব্যুরোর সচিব রীতি ইব্রাহীম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদমশুমারি ও গৃহগণনার উত্তর যাচাইয়ের কাজে স্বচ্ছতা আনার জন্যই বিআইডিএসকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। আগের আদমশুমারিগুলোতে পরিসংখ্যান ব্যুরোই এ কাজ করতো।"
গত ১৫ থেকে ১৯ মার্চ সারা দেশে পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। পরিসংখ্যান ব্যুরোর কর্মীরা ওই সময় বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। আগামী ১০ থেকে ১৪ এপ্রিল বিআইডিএসের কর্মীরা বাছাই করা ২৮০টি এলাকায় গিয়ে একই বিষয়ে আবারো তথ্য সংগ্রহ করবেন।
এর মধ্যে ১৪০টি এলাকা হবে গ্রামে, ২০টি থানা সদরে, ৬০টি পৌরসভার মধ্যে এবং বাকি ৬০টি সিটি করপোরেশন এলাকায়। প্রতিটি এলাকায় ১২০টি খানায় শুমারি করবে বিআইডিএস।
পরে আদমশুমারি ও গৃহগণনার ফলের সঙ্গে বিআইডিএসের তথ্য মিলিয়ে দেখে শুমারির চূড়ান্ত ফল নির্ধারণ করা হবে বলে রীতি ইব্রাহীম জানান।
তিনি বলেন, "আদমশুমারি ও গৃহ গণনার ফল জুনের শেষ অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে তৈরি করার চেষ্টা করছি আমরা। বিআইডিএস জানিয়েছে, তারা সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে পারবে। তবে আমরা তাদের আরো আগে এই প্রতিবেদন দেওয়ার আনুরোধ করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৭৫১ ঘ.
bdnews24