২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনীর হরতাল প্রত্যাখ্যান করেছে জনগণ: টুকু

আমিনীর ডাকা হরতাল জনগণ 'প্রত্যাখ্যান' করেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 11:26 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনীর ডাকা হরতাল জনগণ 'প্রত্যাখ্যান' করেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। সোমবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "হরতালে চারদলীয় জোটের নেতাকর্মীরা পিকেটিং করেছে। তারা সর্মথন দিলেও যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে ডাকা এ হরতাল সফল হয়নি।" নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে সোমবার এ হরতালের ডাক দেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। টুকু আরো বলেন, "হরতালের সময় পুরোদমে যানবাহন চলেছে। কোথাও তেমন কোনো সমস্যার সৃষ্টি হয়নি।" এই হরতালকে 'অযৌক্তিক' আখ্যায়িত করের আমিনীর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত নারী উন্নয়ন নীতি নিয়ে আলোচনার সময় এখনো আছে। আলোচনায় আসুন। অযথা হরতাল কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণকে কষ্ট দেবেন না। রোববার যশোরে সংঘর্ষে হেফাজতে ইসলামের একজন কর্মী নিহত হওয়ার ঘটনাকে 'অনভিপ্রেত' বলে অভিহিত করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি দাবি করেন যে, অস্ত্র হাতে নিয়ে মিছিলে অংশ নেয় তারা [হেফাজতে ইসলামের কর্মীরা]। ঘটনার জন্য ওই দলের নেতাকর্মীদের দায়ী করেন তিনি। প্রস্তাবিত নারী উন্নয়ন নীতি নিয়ে আলোচনার জন্য বিএনপিসহ চারদলীয় জোটকে সংসদে এসে আলোচনা করারও আহ্বান জানান প্রতিমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এআরআর/এইচএ/১৭২১ ঘ.