২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়া ও হাটহাজারীতে অবরোধ

চট্টগ্রাম নগরীতে ঢিলেঢালাভাবে হরতাল চললেও হাটহাজারী ও পটিয়ায় সড়ক অবরোধ করেছে মাদ্রাসাছাত্ররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 06:02 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে ঢিলেঢালাভাবে হরতাল চললেও হাটহাজারী ও পটিয়ায় সড়ক অবরোধ করেছে মাদ্রাসাছাত্ররা। নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে সোমবার এ হরতালের ডাক দেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে গাড়ি চলাচল প্রায় স্বাভাবিক ছিলো। কোথাও কোনো ভাংচুর বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে বহদ্দারহাট, ওয়াসা মোড়, আন্দরকিল্লা মোড়ে হরতাল সমর্থকরা মিছিল-সমাবেশ করছে। হরতালের মধ্যেও চট্টগ্রাম বন্দরের সব ধরনের কাজ চলছে। বিভিন্ন অফিস-আদালতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম দেখা গেলেও কাজ স্বাভাবিক ছিলো। শহরের বাইরে হাটহাজারী ও পটিয়াতে সকাল থেকেই মাদ্রাসা ছাত্র ও হেফাজতে ইসলামীর কর্মীরা সড়ক অবরোধ করে। হাটহাজারী বড় মাদ্রাসার ৩ হাজারের বেশি ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটক থেকে হাটহাজারী পর্যন্ত বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে, মিছিল করে সড়ক অবরোধ করে। ফলে চট্টগ্রামের সঙ্গে হাটহাজারী, রাঙামাটি ও খাগড়াছড়ির সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। হাটহাজারী থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা তাদের (হরতালকারী) বুঝিয়ে সড়ক থেকে তুলে দেওয়ার চেষ্টা করছি।" অন্যদিকে পটিয়া মাদ্রাসা এবং জিরি মাদ্রাসার ৪ হাজারের বেশি ছাত্র চট্টগ্রাম-কক্সবাজার সড়কে অবস্থান নিয়েছে। ফলে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে চলাচল বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমআই/১১৫৫ ঘ.