২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে হেফাজত-পুলিশ সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

মুফতি আমিনীর ডাকা হরতালের সমর্থনে যশোরে হেফাজতে ইসলামের মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 04:53 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

যশোর, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুফতি আমিনীর ডাকা হরতালের সমর্থনে যশোরে হেফাজতে ইসলামের মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে শহরের জেলা স্কুল মোড়ে মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গোলাগুলিতে এক জন নিহত হয়। এ সময় আহত হয় পাঁচ পুলিশ সদস্য ও দুই সাংবাদিকসহ অন্তত ২৫ জন। সন্ধ্যায় পুলিশ সুপার (এসপি) কামরুল আহসান সাংবাদিকদের বলেন, এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জাকির হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন- সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) আনিসুজ্জামান, এএসপি রেশমা ইয়াসমিন ও গোয়েন্দা শাখার ওসি আবু বাকার সিদ্দিকী। নারী নীতির বিরোধিতা করে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে এই মিছিল বের করে হেফাজতে ইসলামের যশোর শাখার কর্মীরা। দুদিন আগে চট্টগ্রামেও হেফাজতকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। নিহত হোসাইন আহমেদ (১৯) মনিরামপুর উপজেলার মাদানীনগর কওমি মাদ্রাসার ছাত্র। তার বাড়ি ওই উপজেলারই চাকলা কাঁঠালতলা গ্রামে। আহত পাঁচ পুলিশ কনস্টেবল হলেন- কামরুল (২৩), হেলাল উদ্দিন (২৮), শামসুজ্জোহা (৩৬), এমাজউদ্দিন (৩২) ও মিকাইল (৩২)। আহতদের মধ্যে দুজন সাংবাদিকও রয়েছেন। তারা হলেন- লোকসমাজের আলোকচিত্রী শামীম ডাকুয়া ও গ্রামের কাগজের প্রতিবেদক মানিক। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিকালে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে আহত পুলিশ কনস্টেবলদের দেখেতে হাসপাতালে যান পুলিশের খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক রফিকুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩১ ঘ.