২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ ইসলামবিরোধী নয়: হানিফ

আওয়ামী লীগ ইসলামবিরোধী কোনো কাজ করার পক্ষে নয় উল্লেখ করে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করা হলে তা কঠোর হাতে দমন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 04:21 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ ইসলামবিরোধী কোনো কাজ করার পক্ষে নয় উল্লেখ করে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করা হলে তা কঠোর হাতে দমন করা হবে। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, "স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। তাই আওয়ামী লীগ ইসলামবিরোধী কোনো কাজ করতে পারে না।" অন্য এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, যথাযথ কারণ ছাড়াই সোমবার হরতাল ডাকা হয়েছে। চারদলীয় জোটভুক্ত ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনী প্রস্তাবিত নারী নীতির বিরোধিতা করে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডেকেছেন। এ বিষয়ে তাঁতী লীগ আয়োাজিত এক আলোচনা সভায় আমিনীকে উদ্দেশ করে হানিফ বলেন, "নারী নীতির কোথায় ইসলাম ও সুন্নাহবিরোধী কথা আছে- তা জাতির সামনে তুলে ধরুন। আমরা তা বাদ দেবো।" তার মতে, যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্রকারীরাই আমিনীকে দিয়ে সোমবারের হরতাল ডাকিয়েছে। হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ার করেছেন হানিফ। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এ আলাচনা সভায় তাঁতী লীগের আহবায়ক এনাজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সাংগঠনিক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, তাঁতী লীগের যুগ্ম আহবায়ক সাধনা দাশগুপ্ত প্রমুখ। এদিকে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) ভবনে এক আলোচনা অনুষ্ঠানে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, নারী নীতির বিরোধিতা করার আগে তা ভালোভাবে পড়ে দেখা উচিৎ। "হরতাল যে কেউ দিতে পারে। এটা গণতান্ত্রিক অধিকার। তবে হরতালে কে যাবে না যাবে তা জনগণের ব্যাপার। নারী নীতির বিরুদ্ধে হরতাল দিন ঠিক আছে, কিন্তু তা ভালোভাবে পড়ে দিন।" আমিনীর বিরুদ্ধে কথা বললে তাকে বড় নেতা বানিয়ে দেওয়া হয় মন্তব্য করে সংসদ উপনেতা বলেন, "তাকে নিয়ে এতো কথা বলার কোনো অর্থ নেই।" মুক্তিযুদ্ধের ঘোষণা প্রসঙ্গে সাজেদা বলেন, "জিয়াকে মুক্তিযুদ্ধের ঘোষক দাবি করে বিএনপি তাকে ছোট করে ফেলছে। কারণ জিয়া বেঁচে থাকতে কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেননি।" আলোচনা অনুষ্ঠানে সভপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক শামসুর রহমান। 'আমিনী পাকিস্তানের এজেন্ট' ফজলুল হক আমিনীকে পাকিস্তানের এজেন্ট আখ্যায়িত করে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম ব্যাহত এবং দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতেই ইস্যুবিহীন হরতাল ডাকা হয়েছে। রোববার রাজধানীর গুলিস্তানে গোলাপশাহ মাজার প্রাঙ্গনে ওলামা লীগের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। হরতালের সমর্থনে কুরআন হাতে নিয়ে রাজপথে নামতে ফজলুল হক আমিনীর আহ্বান প্রসঙ্গে নাসিম বলেন, "আমিনীদের কাছে ইসলাম ও কুরআন-হাদিস কোনটিই নিরাপদ নয়। এসব ভণ্ড, প্রতারক, ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করতে হবে।" ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন বিন হেলালীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/জেকে/২২১৩ ঘ.