কুড়িগ্রাম, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝটিকা পরিদর্শনে যেয়ে প্রধান শিক্ষককে স্কুলে অনুপস্থিত দেখে তার কক্ষে তালা লাগিয়ে দিয়েছেন ইউএনও।
রোববার কুড়িগ্রামের রাজারহাটে পুঁটিকাটা সুন্দর গ্রাম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ওই স্কুলে দুপুরে আকস্মিক পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহেনুল ইসলাম। তিনি ওই সময় প্রধান শিক্ষক রজনী কান্তকে স্কুলে উপস্থিত না পেয়ে তার কক্ষে তালা লাগিয়ে দেন।
রাহেনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধান শিক্ষক প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন; এই অভিযোগ পাওয়ার পর তার সত্যতা যাচাইয়ে স্কুলে যাই।
তিনি বলেন, "তার (রজনী কান্ত) এই অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীরাও ঠিকমতো স্কুলে যায় না। এ বিষয়ে তার কাছে কৈফয়ত চাওয়া হয়েছে।"
এ ব্যাপারে রজনী কান্তের সঙ্গে কথা বলতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮১২ ঘ.
bdnews24