ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজিএমইএ ভবনটি ভেঙে ফেলতে হাইকোর্ট নির্দেশ দিলেও সংগঠনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন মনে করেন, এটি ভাঙলেই সমস্যার সমাধান হবে না।
রোববার দেওয়া হাইকোর্টের আদেশের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো জানান, রায়ের অনুলিপি পাওয়ার পর তারা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।
জলাধার রক্ষা আইন লঙ্ঘন করে রাজধানীর কারওয়ান বাজারে হাতিরঝিল প্রকল্প এলাকায় গড়ে ওঠা বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আদালত বলেছে, ৯০ দিনের মধ্যে ওই ভবন ফাঁকা করতে হবে। এরপর নিজস্ব অর্থায়নে দ্রুত ভবনটি ভাঙতে হবে।
তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি শফিউল বলেন, "এ জমি আমরা সরকারের কাছ থেকে কিনেছিলাম। বিজিএমইএ ভবন দেশের শিল্প খাতের সবচেয়ে বড় প্রতীক হয়ে আছে। তাই এটি ভেঙে ফেললে সব সমস্যার সমাধান হবে না।"
হাইকোর্ট অবশ্য বিজিএমইএ'র মালিকানা স্বত্ব নিয়েই প্রশ্ন তুলেছে। একইসঙ্গে বলেছে, জলাধার ভরাট করে এ ভবন করা হয়েছে এবং বিজিএমইএ যদি এর মালিকও হতো তাও তারা এখানে ভবন করতে পারতো না।
হাইকোর্টের আদেশের পর কী পদক্ষেপ নেবেন- জানতে চাইলে শফিউল বলেন, "আমরা এখনো পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাইনি। এটি পেলে আইনজীবীর সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেবো।"
এসব বিষয় নিয়ে সরকারের নীতি-নির্ধারকদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান বিজিএমইএ সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমইউএস/আরএ/১৬০০ ঘ.
bdnews24