ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন খালেদা জিয়া। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর এলাকায় ভিড় জমান বিএনপি নেতা-কর্মীরা।
রোববার বেলা পৌনে ৩টায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বিরোধীদলীয় নেতা।
বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এমকে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা।
দলের স্থায়ী কমিটির সদস্য ও মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা ফুল দিয়ে দলীয় চেয়ারপারসনকে স্বাগত জানান।
মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, দলের জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রীদের কাউকে ভিআইপি লাউঞ্জে ঢুকতে দেওয়া হয়নি। এটি সরকারের অগণতান্ত্রিক আচরণ।
তিনি এর নিন্দা জানিয়ে বলেন, এর মাধ্যমে সরকারের 'ফ্যাসিস্ট' চরিত্র প্রকাশিত হয়েছে।
দলীয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর থেকে বনানী পর্যন্ত সড়কের এক পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
অনেকের হাতে ছিলো নানা রঙের ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি।
খালেদা জিয়ার গাড়ি বহরের সামনে ছিল নেতা-কর্মীদের মিছিলের পর মিছিল। ফলে বিমান বন্দর থেকে বনানী রেল ক্রসিং পর্যন্ত পথ অতিক্রম করতে দীর্ঘ আড়াই ঘন্টা লেগে যায়।
বিকাল সাড়ে ৫টার দিকে খালেদা জিয়ার গাড়ি বহর বনানী রেল ক্রসিং মোড় অতিক্রম করে গুলশান-২ নং সড়কে তার বাসায় যায়।
বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে আসা দলীয় নেতা-কর্মীদের জমায়েতের কারণে কুড়িল বিশ্বরোড মোড় থেকে বিমানবন্দর সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
গত ২০ মার্চ সৌদি সরকারের আমন্ত্রণে চিকিৎসার জন্য খালেদা জিয়া রিয়াদ যান। সেখানে বাদশা ফয়সাল বিন আবদুল আজিজ হাসপাতালে তার পায়ের চিকিৎসা করা হয়।
১৪ দিনের এ সফরে খালেদা জিয়া মক্কায় ওমরাহ পালন করেন। তিনি মদিনায় হযরত মুহাম্মদ (সা.) রওজা মোবারকও জিয়ারত করেন।
খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান জানান, চিকিৎসার পাশাপাশি তিনি বাদশা ফয়সাল ইনস্টিটিউটের চেয়ারম্যান যুবরাজ তুর্কি আল ফয়সালের সঙ্গে বৈঠক করেন। রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও তার বৈঠক হয়।
এছাড়া সৌদি আরবের প্রাচীন রাজধানী আল-দারিইয়া ও রিয়াদে প্রিন্সেস নুরা বিনতে আবদুর রহমান মহিলা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং তার সম্মানে যুবরাজদের আয়োজিত নৈশভোজেও অংশ নেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী ছিলেন তার ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, প্রেসসচিব মারুফ কামাল, একান্ত সচিব এস এম সালেহ আহমেদ, আলোকচিত্রী নুরুদ্দীন আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এইচএ/১৮৫২ ঘ.
bdnews24