২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় প্রাইভেটকার দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 04:03 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

হবিগঞ্জ/ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় প্রাইভেটকার দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন দু'জন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জের লাখাই উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন মান্নার মা আমেনা বেগম (৭০), বোন রোকসানা আক্তার শারমিন (৩৫), বোনের ছেলে রিফাত (১০) ও মেয়ে সোহেনা (৮)। আহতরা হলেন- রোকসানার স্বামী লাখাই উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব ও প্রাইভেটকারের চালক রুবেল (২৮)। নিহতদের স্বজনরা জানান, বিকালে লাখাইয়ের কালাউক থেকে একটি প্রাইভেটকারে ছাত্রলীগ সভাপতির বোন রোকসানা বাবার বাড়ি থেকে শ্বশুড় বাড়ি ময়নমনসিংহ রওয়ানা দেন। বিকাল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের রাজামারিয়াকান্দি পৌঁছলে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তার পাশে একটি গাছের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুইজনে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়ার পর দুইজন মারা যান। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আলী ফরিদ জানান, নিহতদের লাশ বাড়ি পাঠানোর ব্যবস্থা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৪ ঘ.