বাগেরহাট,এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাগেরহাটে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী দু'টি সহিংস ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।
শনিবার ফকিরহাট উপজেলা সদর ও মোল্লাহাটের আটজুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার এ দুই উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রতক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে মোল্লাহাট উপজেলার আটজুড়ি ইউনিয়নের কাহালপুর পূর্বপাড়া গ্রামে পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থী মোল্লা আবুল বাশার ও মিঞা মশিউর রহমানের সমর্থকরা নির্বাচনে পরাজয়ের জন্য একে অন্যকে দায়ী করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে নিজ নিজ সমর্থকসহ তারা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন।
এরা হলেন- আসলাম শেখ (৩২), মো. রুবেল মিঞা (২০), নজরুল ইসলাম খাঁ (২২), রুবেল সরদার (১৮), বাবর আলী সরদার (৬৫), নাসির সরদার (১৭), হান্নান সরদার (৩০), লিটন সরদার (২২), শহীদ আলী সরদার (২৫), মার্জিয়া বেগম (২৫), জেনারুল সরদার (২০) ও রিনা বেগম (৩০)।
এদের সবার বাড়ি কাহালপুর পূর্বপাড়া গ্রামে।
আহতদের মধ্যে আসলাম শেখকে গোপালগঞ্জ সদর হাসপাতাল এবং অন্যদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ দুই পরাজিত প্রার্থী সংঘর্ষের সত্যতা স্বীকার করেছেন।
মোল্লাহাট থানার ওসি নিখিল চন্দ্র মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় কেউ মামলা করেনি।
এদিকে ফকিরহাট সদর ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী শেখ হারুন অর রশিদ জানান, বিজয়ী প্রার্থী খান জাহিদ হাসানের কয়েকজন সমর্থক সকাল ১১টার দিকে বিশ্বরোডে তার নির্বাচনী কার্যালয় এবং তার সমর্থক হেলাল উদ্দিনের লন্ড্রি তছনছ করে।
পরে ফকিরহাট বাজারে গিয়ে তার তিনজন সমর্থকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।
ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান খান জাহিদ হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে তিনি বিভিন্ন ইউনিয়নে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন। তার নিজের ইউনিয়নে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।
ফকিরহাট থানার ওসি সাহিদুল ইসলাম শাহীন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০২ ঘ.
bdnews24