সিলেট, এপ্রিল ০২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেটের বিয়ানীবাজারে একটি মন্দিরে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।
এ সময় বাধা দেওয়ায় তারা মন্দিরের সেবায়েতকে মারধরও করে।
শনিবার দুপুরে বিয়ানীবাজার পৌর শহরের খাস পণ্ডিতপাড়ায় এ হামলা হয়।
মন্দিরের সেবায়েত সিদ্ধগৌর দাস ব্রহ্মচারী সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন থেকে স্থানীয় একটি মহল মন্দিরের জায়গাটি দখলের চেষ্টা করে আসছে।
দুপুরে ২০-২৫ জন দুর্বৃত্ত লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে মন্দিরে ঢুকে পঞ্চতত্ত্ব লক্ষ্মী নারায়ণ শিব মূর্তি ভাঙচুর এবং গীতায় অগ্নিসংযোগ করে।
তারা সেবায়েতের কক্ষে ঢুকে এক লাখ ৯০ হাজার টাকা লুট করে বলেও তিনি অভিযোগ করেন।
বাধা দিলে হামলাকারীরা তাকে মারধরও করে, বলেন সিদ্ধগৌর দাস।
সিদ্ধগৌর দাস ব্রহ্মচারী আরো বলেন, শত বছরের পুরনো মন্দিরটি শ্রীবাস অঙ্গন হিসেবে পরিচিত। প্রতিদিন সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে এসে পূজা-অর্চনা করে।
বিয়ানীবাজার থানার ওসি এ কে এম ফজলুল হক শিবলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দিরে প্রতিমা ভাঙচুর ও গীতায় অগ্নিসংযোগের সত্যতা পাওয়া গেছে।
এ ঘটনায় সেবায়েত সিদ্ধগৌর দাস ব্রহ্মচারী বাদী হয়ে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৫ ঘ.
bdnews24